অ্যাপল ওয়াচের ‘ফল ডিটেকশন’ ফিচার যুক্তরাষ্ট্রের এক ব্যবহারকারীর জীবন বাঁচিয়েছে। টেইলর নামের এক ব্যক্তি সন্ধ্যায় অফিস শেষে নির্জন পার্কিং লটে হাঁটার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান। তাঁর অ্যাপল ওয়াচ তাৎক্ষণিকভাবে ঘটনাটি শনাক্ত করে ‘ইমারজেন্সি এসওএস’ সুবিধার মাধ্যমে যুক্তরাষ্ট্রের জরুরি সেবা নম্বরে স্বয়ংক্রিয় কল করে এবং ব্যবহারকারীর অবস্থান জানিয়ে দেয়। এর ফলে জরুরি সেবা কর্তৃপক্ষ দ্রুত টেইলরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসকদের মতে, টেইলরের ফুসফুসে রক্ত জমাট বাঁধার কারণে হৃদপিণ্ডে অক্সিজেন সরবরাহ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। দ্রুত চিকিৎসা না পেলে তাঁর মৃত্যু হতে পারত। সুস্থ হওয়ার পর রেডিটে নিজের অভিজ্ঞতা শেয়ার করে টেইলর লেখেন, “গাড়ির কাছে পৌঁছানোর আগেই আমি অজ্ঞান হয়ে পড়ি। জ্ঞান ফিরে দেখি, আমি রাস্তায় মুখ থুবড়ে পড়ে আছি, আর আমার অ্যাপল ওয়াচ কাঁপছে এবং এসওএস সংকেত পাঠাচ্ছে।”
টেইলর জানান, তিনি কয়েক দিন ধরে সর্দি-কাশিতে ভুগছিলেন এবং এটিকে সাধারণ ঠান্ডা বা কোভিডের হালকা উপসর্গ মনে করেছিলেন। কিন্তু পার্কিং লটে হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার পর অ্যাপল ওয়াচের স্বয়ংক্রিয় সতর্কতা তাঁর জীবন বাঁচায়। হাসপাতালে চিকিৎসার পর টেইলর এখন সুস্থ।
অ্যাপল ওয়াচের ফল ডিটেকশন ফিচার ব্যবহারকারীর হঠাৎ পড়ে যাওয়া শনাক্ত করে জরুরি পরিষেবার সঙ্গে যোগাযোগ স্থাপন করে। এই ঘটনা অ্যাপলের স্মার্টওয়াচের জীবনরক্ষাকারী প্রযুক্তির আরেকটি উদাহরণ হিসেবে সামনে এসেছে। টেইলর তাঁর পোস্টে অ্যাপল ওয়াচের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই ডিভাইসটি না থাকলে আমি হয়তো আজ বেঁচে থাকতাম না।”




























