দীর্ঘ ১৭ বছর পর জুবাইদা রহমান দেশে ফিরলেন-newsedge4

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাদের বহনকারী বিশেষ রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সৌজন্যে প্রদান করা হয়। খালেদা জিয়ার সঙ্গে এসেছেন তাঁর ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামীলা রহমান।

জুবাইদা রহমানের দেশে ফেরার জন্য ঢাকার ধানমন্ডির ৫ নম্বর সড়কে অবস্থিত তাঁর পিতার বাসভবন ‘মাহবুব ভবন’-এ গত কয়েকদিন ধরে চলছিল সাজসজ্জা ও প্রস্তুতির কাজ। এই বাড়িটি জুবাইদার বাবা, সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের। জুবাইদা এখানেই বেশিরভাগ সময় অবস্থান করবেন বলে জানা গেছে। বর্তমানে মাহবুব ভবনে মাহবুব আলী খানের স্ত্রী সৈয়দা ইকবাল মান্দ বানু এবং তাঁর বড় মেয়ে শাহীনা জামান ও তাঁর পরিবারের সদস্যরা বসবাস করছেন। সম্প্রতি সৈয়দা ইকবাল মান্দ বানু অসুস্থতার কারণে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

জুবাইদা রহমান ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তাঁর স্বামী তারেক রহমানের সঙ্গে চিকিৎসার জন্য লন্ডনে যান এবং এতদিন সেখানেই ছিলেন। তিনি সিলেটের একটি বিশিষ্ট রাজনৈতিক পরিবারের সন্তান এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর ভাগ্নি। পেশায় চিকিৎসক জুবাইদার শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে মেডিকেল ডিগ্রি এবং পাবলিক হেলথে স্নাতকোত্তর। তাঁর ‘পরিচ্ছন্ন ইমেজ’ এবং পারিবারিক ঐতিহ্য তাঁকে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *