মেটা প্ল্যাটফর্মের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ঘোষণা করেছেন, তার প্রতিষ্ঠান মানুষের চেয়ে শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা বা সুপারইন্টেলিজেন্স গড়ে তুলতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এই লক্ষ্যে মেটা একাধিক বিশাল এআই ডেটা সেন্টার নির্মাণ করছে, যার মধ্যে প্রথম মাল্টি-গিগাওয়াট ডেটা সেন্টার ‘প্রোমিথিয়াস’ ২০২৬ সালে চালু হবে। আরেকটি ডেটা সেন্টার ‘হাইপেরিয়ন’ আগামী কয়েক বছরে ৫ গিগাওয়াট পর্যন্ত প্রসারিত হবে। এছাড়া, একাধিক ‘টাইটান ক্লাস্টার’ নির্মাণ করা হচ্ছে, যার প্রতিটি নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি বড় অংশের সমান জায়গা দখল করবে।
প্রতিভা যুদ্ধ ও স্কেল এআই বিনিয়োগ
প্রযুক্তি জগতে চলমান ‘প্রতিভা যুদ্ধে’ মেটা, গুগল ও ওপেনএআই-এর মতো প্রতিষ্ঠানগুলো শীর্ষ প্রকৌশলীদের আকর্ষণে বহু কোটি ডলারের বেতন প্যাকেজ দিচ্ছে। মেটা সম্প্রতি স্কেল এআই-এ ১৪.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আলেকজান্দ্র ওয়াংকে ‘মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবস’-এর নেতৃত্বে নিয়োগ দিয়েছে। এই ল্যাবে গিটহাবের সাবেক প্রধান নাট ফ্রিডম্যানও যোগ দিয়েছেন।
জাকারবার্গ জানান, মেটার বিজ্ঞাপন ব্যবসার শক্তিশালী আয় তাদের সুপারইন্টেলিজেন্স তৈরিতে বিনিয়োগের সামর্থ্য দিচ্ছে। ২০২৪ সালে মেটার আয় ছিল প্রায় ১৬৫ বিলিয়ন ডলার, এবং এ বছর শেয়ার মূল্য ২০ শতাংশের বেশি বেড়েছে।
আরও পড়ুন: নিষ্ক্রিয় উপগ্রহ থেকে রহস্যময় রেডিও সংকেত, বিজ্ঞানীরা হতবাক
মেটা ২০২৫ সালের জন্য পুঁজি ব্যয় ৬৪ থেকে ৭২ বিলিয়ন ডলারে উন্নীত করেছে, যা ওপেনএআই ও গুগলের সঙ্গে প্রতিযোগিতায় শীর্ষে থাকার কৌশল। এই বিনিয়োগ মেটা এআই অ্যাপ, বিজ্ঞাপন টুলস, এবং স্মার্ট গ্লাসেস থেকে নতুন রাজস্ব সৃষ্টির আশা জাগাচ্ছে।
বিশ্লেষক গিল লুরিয়া বলেন, মেটার এই বিনিয়োগ প্রাথমিকভাবে বিজ্ঞাপন ব্যবসার লাভ বাড়িয়েছে। তবে দীর্ঘমেয়াদে তাদের লক্ষ্য বিশ্বের শীর্ষ এআই মডেল তৈরি করা, যা সময়সাপেক্ষ।
তথ্যসূত্র: রয়টার্স






























































































































































































































































































































































































































































































































































































































































