এআই-ওয়ার্ম-01011-NewsEdge24

বিজ্ঞানীরা সতর্ক করেছেন, কম্পিউটার ভাইরাসের জগতে এক নতুন ভয়ংকর অধ্যায় শুরু হয়েছে। কানাডার গবেষকরা তৈরি করেছেন ‘এআই-ওয়ার্ম’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ম্যালওয়্যার, যা নিজে নিজে চিন্তা করতে, পরিকল্পনা করতে এবং ব্যর্থতা থেকে শিখে নতুন কৌশল তৈরি করতে পারে। এটি বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নত নিরাপত্তা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম বলে প্রমাণিত হয়েছে।

গত জুনে কানাডার ভেক্টর ইনস্টিটিউটের অধ্যাপক নিকোলা প্যাপার্নোর নেতৃত্বে একদল গবেষক এই এআই-ওয়ার্মের পরীক্ষা চালান। লিনাক্স, উইন্ডোজ ও আইওটি ডিভাইস নিয়ে তৈরি একটি কৃত্রিম নেটওয়ার্কে মাত্র ৭ দিনে এই ভাইরাস ৬২ শতাংশ ডিভাইস নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং নেটওয়ার্কের ৭৪ শতাংশ দুর্বলতা নিজে থেকে শনাক্ত করে।

ওয়ানাক্রাই বা নটপেটিয়ার মতো ঐতিহ্যবাহী ভাইরাস নির্দিষ্ট দুর্বলতার ওপর নির্ভর করে। আপডেট দিলেই সেগুলো নিষ্ক্রিয় হয়ে যায়। কিন্তু এআই-ওয়ার্ম সম্পূর্ণ ভিন্ন। এটি প্রথমে ডিভাইসের তথ্য সংগ্রহ করে (রেকি), তারপর নিজের বুদ্ধিতে আক্রমণের পরিকল্পনা তৈরি করে এবং সফল হলে নিজের কপি তৈরি করে ছড়িয়ে পড়ে। ব্যর্থ হলে নিজেই বিশ্লেষণ করে নতুন পথ খুঁজে নেয়।

এছাড়া এটি আক্রান্ত কম্পিউটারের জিপিইউ শক্তি চুরি করে নিজের বুদ্ধিমত্তা আরও বাড়িয়ে নেয় এবং সম্পূর্ণ ওপেন সোর্স ও ফ্রি এআই মডেলের ওপর চলে। ফলে চ্যাটজিপিটির মতো কোম্পানির ফিল্টারও এটিকে আটকাতে পারে না।

বাঁচার উপায় কী?

গবেষকরা জানিয়েছেন, এখন থেকে ‘জিরো ট্রাস্ট’ নীতি অনুসরণ করতে হবে। প্রতিটি ডিভাইসকে সন্দেহের চোখে দেখতে হবে, নেটওয়ার্কে ছোট ছোট সেগমেন্ট তৈরি করতে হবে যাতে এক জায়গায় আক্রান্ত হলেও পুরো সিস্টেমে ছড়াতে না পারে। পাসওয়ার্ড, মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন এবং নিয়মিত মনিটরিং জরুরি।

গবেষণাপত্রটি এখনো চূড়ান্ত রিভিউয়ের অপেক্ষায় রয়েছে এবং ভাইরাসের মূল কোডের কিছু অংশ ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *