দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ১০৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত) ৫২ জন, বরিশাল বিভাগে ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, খুলনা বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন এবং রংপুর বিভাগে ৫ জন রয়েছেন।
আরও পড়ুন: চিকুনগুনিয়া ভাইরাস মহামারীর আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০,৩১৬ জন এবং মৃত্যু হয়েছে ৭৯ জনের। গত ২৪ ঘণ্টায় ৩৬৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, এবং এ বছর মোট ১৮,৯৫১ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১,২১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন, যার মধ্যে ঢাকায় ৩৩৪ জন এবং বাকি ৮৭৬ জন ঢাকার বাইরে।
প্রসঙ্গত, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১,০১,২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।
























































