রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলতি বছর হামের উপসর্গ নিয়ে ৩০ শিশু মারা গেলেও তাদের মধ্যে মাত্র একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বাকি ২৯ জনের নমুনায় হাম পজিটিভ পাওয়া যায়নি।
আজ সোমবার দুপুরে রামেক হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন এ তথ্য জানান। তিনি বলেন, “বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৭০ জন শিশু ভর্তি রয়েছে। এদের মধ্যে ৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ বছর হামের উপসর্গ নিয়ে ৩০ জন শিশু মারা গেছে। এদের মধ্যে পজিটিভ আছে মাত্র একজন। হাম সন্দেহে মারা গেছে ২৯ জন।”
ডা. সাহিদা ইয়াসমিন আরও বলেন, আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ৬৫ শতাংশের বয়স ছয় মাসের নিচে, যা চিকিৎসকদের জন্য উদ্বেগজনক। এক বছরের ওপরে আক্রান্তের সংখ্যা খুবই কম।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি ওয়ার্ডের কর্নারে আলাদা করে রোগীদের আইসোলেশন করে রাখা হয়েছে। রোগী বাড়লে আরও ব্যবস্থা নেওয়া হবে।
























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































