বিমানবন্দরে-newsedge24

স্পেনের বার্সেলোনার এল প্রাট আন্তর্জাতিক বিমানবন্দরে এক চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এক দম্পতি তাদের ১০ বছর বয়সী ছেলের পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ ও ভিসার প্রয়োজন থাকায় তাকে বিমানবন্দরের টার্মিনালে রেখে ছুটিতে রওনা হন। নিউ ইয়র্ক পোস্টের বরাতে জানা গেছে, ছেলেটির স্প্যানিশ পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ ছিল এবং তার গন্তব্যের জন্য প্রয়োজনীয় ভিসা ছিল না। এটি জানার পরও দম্পতি তাদের ফ্লাইটে উঠে পড়েন এবং ছেলেকে একা ফেলে রেখে যান।

ঘটনাটি প্রকাশ্যে আসে লিলিয়ান নামের এক এয়ার অপারেশন কো-অর্ডিনেটরের টিকটক ভিডিওর মাধ্যমে, যিনি নিজেও একজন মা। তিনি এই ঘটনাকে “সম্পূর্ণ অবিশ্বাস্য” বলে বর্ণনা করেন এবং বলেন, “আমি একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে অনেক কিছু দেখেছি, কিন্তু এমন ঘটনা জীবনে প্রথম। কীভাবে একজন বাবা-মা তাদের ১০ বছরের ছেলেকে টার্মিনালে ফেলে রেখে শান্তভাবে বিমানে উঠতে পারেন?” তিনি জানান, দম্পতি এক আত্মীয়কে ছেলেকে নিতে ডেকেছিলেন, কিন্তু আত্মীয় আসার আগেই বিমানবন্দরে কর্মীরা একা ছেলেটিকে দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

ছেলেটি পুলিশকে জানায়, তার বাবা-মা তাদের দেশে ছুটিতে যাচ্ছেন। বিমানবন্দর কর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে ফ্লাইটের পাইলটের সঙ্গে যোগাযোগ করেন। পাইলট জানান, পুলিশ তাকে টার্মিনালে একটি শিশু পাওয়ার কথা জানিয়েছে। তিনি বিমানের যাত্রীদের মধ্যে ঘোষণা করেন, “কে তার সন্তানকে টার্মিনালে ফেলে গেছে?” কিন্তু কেউ সাড়া দেয়নি। পরে দম্পতিকে শনাক্ত করা হয়, যারা তাদের আরেকটি ছোট সন্তানের সঙ্গে ভ্রমণ করছিলেন। পুলিশ তাদের লাগেজ বিমান থেকে নামিয়ে বিমানবন্দরের পুলিশ স্টেশনে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য।

স্প্যানিশ আইন অনুযায়ী, একটি শিশুকে তত্ত্বাবধান ছাড়া ফেলে রাখা গুরুতর অপরাধ। এই ঘটনায় দম্পতির বিরুদ্ধে শিশু পরিত্যাগ ও ঝুঁকির মুখে ফেলার অভিযোগে তদন্ত চলছে। তবে তাদের গ্রেপ্তার করা হয়েছে কি না বা তাদের জাতীয়তা সম্পর্কে এখনো স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: দুই কন্যাসহ রুশ নারী নিনা কুতিনাকে ভারতের গুহা থেকে উদ্ধার

লিলিয়ানের টিকটক ভিডিওটি ৩ লাখের বেশি বার দেখা হয়েছে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। অনেকে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন, আবার কেউ কেউ বলেছেন, ফ্লাইট ও ছুটির খরচ বাঁচাতে দম্পতি হয়তো বাধ্য হয়েছিলেন। তবে লিলিয়ান ও পুলিশ এই কাজকে “অস্বাভাবিক” বলে মন্তব্য করেছেন।

এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। ২০১৮ সালে জার্মানির স্টুটগার্ট বিমানবন্দরে এক দম্পতি তাদের ৫ বছরের মেয়েকে ভুলে ফেলে যান। ২০২৩ সালে ইসরায়েলের বেন-গুরিওন বিমানবন্দরে এক দম্পতি তাদের শিশুকে চেক-ইন ডেস্কে ফেলে রেখে ফ্লাইটে উঠতে চেয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *