পিঁপড়ে দূর করার সহজ ও ঘরোয়া পদ্ধতি-newsedge4

গ্রীষ্মকালে বাড়িতে পিঁপড়ের উপদ্রব বেড়ে যায়। রান্নাঘর থেকে বসার ঘর—সর্বত্র তাদের অবাধ যাতায়াত মাথাব্যথার কারণ হয়ে ওঠে। অনেকে পিঁপড়ে তাড়াতে রাসায়নিক পদার্থ, যেমন ‘অ্যান্ট চক’ বা পেস্ট কন্ট্রোলের সাহায্য নেন। কিন্তু এই পদ্ধতিগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ঘরোয়া ও নিরাপদ উপায়ে পিঁপড়ের উপদ্রব কমানোর জন্য কিছু সহজ পদ্ধতি অবলম্বন করা যায়, যেগুলোর উপকরণ বাড়িতেই সহজলভ্য।

১. ভিনিগার
ভিনিগারের তীব্র গন্ধ পিঁপড়েদের তাড়াতে অত্যন্ত কার্যকর। একটি পাত্রে সমপরিমাণ ভিনিগার (সাধারণ ভিনিগার বা অ্যাপল সাইডার ভিনিগার) এবং জল মিশিয়ে নিন। মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে পিঁপড়ের আনাগোনার জায়গায় ছড়িয়ে দিন। এতে পিঁপড়ের উপদ্রব কমে যাবে এবং তারা আর ফিরে আসবে না।

২. সাবান
বাসন মাজার তরল সাবান দিয়েও পিঁপড়ে দূর করা সম্ভব। একটি পাত্রে সমপরিমাণ তরল সাবান এবং জল মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরুন। যেসব জায়গায় পিঁপড়ের উপস্থিতি বেশি, সেখানে এই মিশ্রণ স্প্রে করুন। সাবানের গন্ধ এবং আঠালো গুণ পিঁপড়েদের দূরে রাখতে সাহায্য করে।

৩. পাতিলেবু
পাতিলেবুর তীক্ষ্ণ গন্ধ পিঁপড়েদের জন্য অসহ্য। দরজা, জানলা বা দেওয়ালের ফাটলে অল্প পরিমাণে পাতিলেবুর রস ঢেলে রাখুন। এছাড়া, লেবুর খোসা ঘরের কোণে ছড়িয়ে রাখলে পিঁপড়ের দীর্ঘ সারি ভেঙে যায়। এই পদ্ধতি সহজ এবং সম্পূর্ণ নিরাপদ।

৪. বেকিং সোডা ও বোরিক অ্যাসিড
পিঁপড়েদের ফাঁদে ফেলতে বেকিং সোডা এবং বোরিক অ্যাসিড ব্যবহার করা যায়। এক কাপ জলে অর্ধেক কাপ চিনি গুলে নিন। এতে ২ চা-চামচ বোরিক অ্যাসিড পাউডার এবং সামান্য বেকিং সোডা মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ একটি ছোট কৌটোয় রাখুন এবং ঢাকনায় কয়েকটি ফুটো করে ঘরের কোণে রেখে দিন। মিষ্টির লোভে পিঁপড়েরা কৌটোয় ঢুকবে এবং আটকে যাবে।

৫. লবঙ্গ, গোলমরিচ ও তেজপাতা
পিঁপড়ের আনাগোনা বেশি এমন জায়গায় একটি কাপড়ের পুঁটলিতে লবঙ্গ, তেজপাতা এবং গোলমরিচ রেখে দিন। গোলমরিচ গুঁড়ো করে ব্যবহার করলে আরও দ্রুত ফল পাওয়া যায়। এই মশলাগুলোর তীব্র গন্ধ পিঁপড়েদের দূরে রাখতে সহায়ক।


রাসায়নিক পদার্থের পরিবর্তে এই ঘরোয়া পদ্ধতিগুলো ব্যবহার করলে বাড়ি পিঁপড়েমুক্ত রাখা সম্ভব, সেই সঙ্গে পরিবারের স্বাস্থ্যও সুরক্ষিত থাকে। এই উপকরণগুলো সহজলভ্য এবং ব্যবহারে কোনো ঝুঁকি নেই। তবে, পিঁপড়ের উপদ্রব পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে ঘর পরিষ্কার রাখা এবং খাবারের উচ্ছিষ্ট সঠিকভাবে সংরক্ষণ করাও জরুরি। এই সহজ পদক্ষেপগুলো গ্রীষ্মের সময় পিঁপড়ের উপদ্রব থেকে মুক্তি দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *