একসময় বৃষ্টির পর আকাশে সাত রঙের রংধনু দেখা যেত, কিন্তু এখন তা বিরল দৃশ্যে পরিণত হয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য—জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ভবিষ্যতে রংধনু আরও বিরল হয়ে পড়তে পারে, এমনকি অনেক অঞ্চলে বিলুপ্তির পথে এগিয়ে যেতে পারে।
গবেষণায় দেখা গেছে, রংধনু সৃষ্টি হয় যখন সূর্যের আলো বৃষ্টির ফোঁটার মধ্য দিয়ে প্রতিফলিত হয়। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরণ ও মেঘের আবরণে পরিবর্তন আসছে, যা রংধনুর উপস্থিতিকে প্রভাবিত করছে। বিজ্ঞানীরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত রংধনুর ছবি দিয়ে একটি বৈশ্বিক ডেটাবেস তৈরি করেছেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক মডেল ব্যবহার করে আবহাওয়া ও জলবায়ু তথ্য বিশ্লেষণ করেছেন।
গবেষণার ফলাফল অনুযায়ী:
- বর্তমানে পৃথিবীর স্থলভাগে গড়ে বছরে ১১৭ দিন রংধনু দেখা যায়।
- ২১০০ সালের মধ্যে এই সংখ্যা গড়ে ৪-৫% কমতে বা বাড়তে পারে।
- বিশ্বের ২১-৩৪% অঞ্চলে রংধনুর দেখা কমে যেতে পারে, বিশেষ করে জনবহুল এলাকা যেমন ভারত।
- বিপরীতে, ৬৬-৭৯% এলাকায়, বিশেষ করে শীতল ও পার্বত্য অঞ্চল যেমন আর্কটিক ও হিমালয়ে, দেখার সম্ভাবনা বাড়তে পারে। তবে এসব অঞ্চলে মানুষের বসবাস তুলনামূলক কম।
আরও পড়ুন: উদ্ভিদ ও পোকামাকড়ের মধ্যে শব্দের মাধ্যমে যোগাযোগ
গবেষণায় বলা হয়েছে, বৃষ্টিপাতের ধরণ এবং মেঘের আবরণের পরিবর্তন রংধনু সৃষ্টির জন্য প্রয়োজনীয় পরিস্থিতিকে কম অনুকূল করে তুলছে। ভারতের মতো জনবহুল এলাকায় বৃষ্টিপাতের পরিবর্তনের কারণে রংধনু দেখার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে। এই পরিবর্তন জলবায়ু পরিবর্তনের বৃহত্তর প্রভাবের একটি অংশ, যা প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের উপর প্রভাব ফেলছে।



















































































































































































































































































































































































































































































































































































