মধ্য মেক্সিকোর পুয়েবলা ও ওয়াক্সাকা রাজ্যের সংযোগ মহাসড়কে ১৪ মে ২০২৫-এ একটি সিমেন্ট ট্রাক, যাত্রীবাহী বাস এবং একটি ভ্যানের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পুয়েবলা রাজ্যের কর্মকর্তা স্যামুয়েল আগুইলার জানান, ঘটনাস্থলে ১৮ জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জনের মৃত্যু হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে, তবে আহতদের সঠিক সংখ্যা তিনি নিশ্চিত করেননি।
মেক্সিকোর গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, দুর্ঘটনার পর ধ্বংসস্তূপে পরিণত গাড়িগুলো থেকে ঘন কালো ধোঁয়া বেরোচ্ছে। স্থানীয় প্রতিবেদনে জানা গেছে, সংঘর্ষের পর ট্রাকটি খাদে পড়ে আগুন ধরে যায়, যা দুর্ঘটনার তীব্রতা বাড়ায়। মেক্সিকোতে সাম্প্রতিক বছরগুলোতে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এর পেছনে প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে, অনেক ট্রাক ও বাস নিয়মিত পরিদর্শন ছাড়াই চলাচল, চালকদের গতিসীমা লঙ্ঘন ও ট্রাফিক নিয়ম না মানা সাধারণ এবং দীর্ঘ সময় ধরে গাড়ি চালানোর কারণে চালকদের মনোযোগ হ্রাস পাওয়া। বেশিরভাগ দুর্ঘটনায় মালবাহী ট্রাক জড়িত থাকায় দেশের ব্যস্ত মহাসড়কে নিরাপত্তার মান নিয়ে প্রশ্ন উঠেছে।



































































































































































































































































































































































































































































































































































































































































