ফেরাউনের-স্বর্ণের-ব্রেসলেট-চুরি-newsedge24

কায়রোর ঐতিহাসিক মিশরীয় জাদুঘর থেকে খ্রিস্টপূর্ব প্রায় তিন হাজার বছরের পুরনো ফারাও আমেনেমোপের একটি বিরল স্বর্ণের ব্রেসলেট নিখোঁজ হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল এটি বিদেশে পাচার হয়েছে, কিন্তু তদন্তে জানা গেছে, ব্রেসলেটটি স্থানীয়ভাবে গলিয়ে ফেলা হয়েছে।

মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় জানায়, চলতি মাসের শুরুতে কায়রোর জাদুঘরের একটি সেফ থেকে ব্রেসলেটটির খোঁজ মেলেনি। নীল লাজওয়ার পাথরের দানাদার নকশাযুক্ত এই ব্রেসলেট, যা তৃতীয় অন্তর্বর্তীকালীন যুগের শাসক ফারাও আমেনেমোপের, ৯ সেপ্টেম্বর উধাও হয়।

চুরির ঘটনায় জাদুঘর কর্তৃপক্ষ একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করে। একই সঙ্গে ব্রেসলেটটির ছবি বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলবন্দরে পাঠানো হয়, যাতে এটি বিদেশে পাচার হওয়া ঠেকানো যায়। তদন্তে উঠে আসে, জাদুঘরের এক পুনর্গঠন বিশেষজ্ঞ ব্রেসলেটটি চুরি করে স্থানীয় এক রূপার ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। সেখান থেকে এটি কায়রোর বিখ্যাত গহনার বাজারে পৌঁছায় এবং একজন স্বর্ণের কারিগর এটি গলিয়ে পুনর্নির্মাণ করেন।

মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুরির ঘটনায় জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিক্রির অর্থ—প্রায় ১ লাখ ৯৪ হাজার মিশরীয় পাউন্ড (প্রায় ৪ হাজার ডলার)—জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: পৃথিবীর ‘হৃৎস্পন্দন’ আফ্রিকাকে বিভক্ত করছে, নতুন মহাসাগরের জন্ম দিচ্ছে

এই ঘটনা ঘটেছে এমন সময়ে, যখন আগামী নভেম্বরে গিজার পিরামিডের কাছে বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম উদ্বোধনের প্রস্তুতি চলছে। এই নতুন জাদুঘর মিশরের প্রাচীন ঐতিহ্যের এক বিশাল ভাণ্ডার হিসেবে বিবেচিত হচ্ছে, যা পর্যটন খাতে বৈদেশিক আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *