টাইটানিকের স্মৃতিবাহী-স্বর্ণঘড়ি-newsedge24

১৯১২ সালে টাইটানিক ডুবে যাওয়ার সময় নিহত ধনকুবের ব্যবসায়ী আইজিডর স্ট্রাউসের পকেটে থাকা ১৮ ক্যারেট স্বর্ণের ঘড়ি নিলামে বিক্রি হয়েছে রেকর্ড ১৭ লাখ ৮০ হাজার পাউন্ডে (বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ২৮ কোটি টাকা)। শনিবার যুক্তরাজ্যের উইল্টশায়ারের ডেভাইজেস শহরে হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন নিলামঘরে এই ঘড়িটি বিক্রি হয়। এটি এখন পর্যন্ত টাইটানিক-সংশ্লিষ্ট কোনো স্মারকের সর্বোচ্চ নিলামমূল্য।

ঘড়িটি তৈরি করেছিল ডেনমার্কের বিখ্যাত জুলস জুরগেনসেন। এটি থেমে আছে রাত ২টা ২০ মিনিটে – ঠিক সেই মুহূর্তে যখন টাইটানিক পুরোপুরি সমুদ্রগর্ভে তলিয়ে যায়। ধারণা করা হয়, ১৮৮৮ সালে আইজিডরের ৪৩তম জন্মদিনে স্ত্রী আইডা স্ট্রাউস এই ঘড়ি উপহার দিয়েছিলেন।

টাইটানিক ডুবির রাতে আইডা স্ট্রাউস লাইফবোটে ওঠার সুযোগ পেয়েও প্রত্যাখ্যান করেন। তিনি বলেছিলেন, “আমরা ৪১ বছর একসঙ্গে ছিলাম, এখনও একসঙ্গে থাকব।” তার দেহ আর উদ্ধার হয়নি। নিলামকারী অ্যান্ড্রু অ্যালড্রিজ বলেন, “এই রেকর্ডমূল্য টাইটানিকের গল্পের প্রতি মানুষের দীর্ঘস্থায়ী আগ্রহের প্রমাণ। স্ট্রাউস দম্পতির প্রেম ও আত্মত্যাগের গল্প ১১৩ বছর পরেও মানুষের হৃদয় ছুঁয়ে যায়। এই মূল্য তাদের প্রতি শ্রদ্ধারই প্রতিফলন।”

আরও পড়ুন: কায়রোর জাদুঘর থেকে ফেরাউনের স্বর্ণের ব্রেসলেট চুরি

এর আগে গত বছর টাইটানিক থেকে উদ্ধারকারী জাহাজ আরএমএস কারপাথিয়ার ক্যাপ্টেনকে দেওয়া একটি স্বর্ণঘড়ি ১.৫৬ মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়েছিল – যা ছিল আগের রেকর্ড। ঘড়িটি এতদিন স্ট্রাউস পরিবারের কাছেই সংরক্ষিত ছিল। তার প্রপৌত্র কেনেথ হলিস্টার স্ট্রাউস এর যান্ত্রিক অংশ মেরামত ও পুনরুদ্ধার করিয়েছিলেন।

1 comment on “টাইটানিকের স্মৃতিবাহী স্বর্ণঘড়ি নিলামে ২৮ কোটি টাকায় বিক্রি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *