এআই-এর সাহায্যে জিতলেন -newsedge24

আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের মিডলোথিয়ানের বাসিন্দা ক্যারি এডওয়ার্ডস নামের এক নারী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর টুল চ্যাটজিপিটির সাহায্যে লটারির নম্বর বেছে নিয়ে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন। গত ৮ সেপ্টেম্বর ভার্জিনিয়া লটারি পাওয়ারবল ড্র-তে তিনি জিতেছেন দেড় লাখ ডলার। এই অভিনব ঘটনায় তিনি জয়ের কৃতিত্ব দিয়েছেন চ্যাটজিপিটির দেওয়া নম্বরগুলোকে।

ক্যারি জানান, তিনি মজার ছলে চ্যাটজিপিটিকে বলেছিলেন, “আমার সঙ্গে কথা বলো, আমাকে কিছু নম্বর দাও।” চ্যাটজিপিটি যে নম্বরগুলো দিয়েছিল, তার মধ্যে চারটি প্রধান নম্বর এবং একটি পাওয়ারবল নম্বর মিলে যায়। নিয়ম অনুযায়ী, এতে তার প্রাথমিক পুরস্কারের পরিমাণ দাঁড়ায় ৫০ হাজার ডলার। তবে, অতিরিক্ত এক ডলার দিয়ে তিনি “পাওয়ার প্লে” অপশন নিয়েছিলেন, যার ফলে তার পুরস্কার তিনগুণ বেড়ে দেড় লাখ ডলারে পৌঁছায়।

ক্যারি বলেন, “আমার ফোনে যখন জয়ের খবর এলো, আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি। ভেবেছিলাম এটা কোনো প্রতারণার মেসেজ। পরে জানতে পারি, সত্যিই আমি এই টাকা জিতেছি, আর সেটা সম্ভব হয়েছে চ্যাটজিপিটির দেওয়া নম্বরের জন্য।” তিনি আরও বলেন, “ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এই বিপুল অর্থ পাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না।”

আরও পড়ুন: বিমানবন্দরে ১০ বছরের ছেলেকে ফেলে ছুটিতে গেলেন বাবা-মা

আশ্চর্যজনকভাবে, এই বিপুল অর্থ বিলাসিতায় ব্যয় না করে ক্যারি সিদ্ধান্ত নিয়েছেন পুরো টাকা দান করার। তিনি ঘোষণা করেছেন যে এই অর্থ তিনটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে গরিব ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করবেন। এই সংস্থাগুলো হলো, অ্যাসোসিয়েশন ফর ফ্রন্টোটেম্পোরাল ডিজেনারেশন (AFTD), যেখানে তার প্রয়াত স্বামীর রোগ সংক্রান্ত গবেষণা হয়। শালোম ফার্মস, যারা খাদ্য সংকট মোকাবিলায় কাজ করে। নেভি-মেরিন কর্পস রিলিফ সোসাইটি, যা সামরিক কর্মী ও তাদের পরিবারকে সহায়তা করে।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ক্যারি বলেন, “এই আশীর্বাদ যখন আমার জীবনে এলো, আমি তখনই জানতাম কী করতে হবে। আমি চাই অন্যরাও এই আশীর্বাদ ভাগ করে নিক। তাই আমি পুরো টাকা দান করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *