লাবুবু পুতুল-newsedge24

চীনের ইয়ংলে ইন্টারন্যাশনাল অকশন হাউসে মঙ্গলবার (১০ জুন, ২০২৫) অনুষ্ঠিত এক বিশেষ নিলামে ১৩১ সেন্টিমিটার (৪ ফুট ৪ ইঞ্চি) লম্বা একটি মানব-আকারের লাবুবু পুতুল বিক্রি হয়েছে ১.০৮ মিলিয়ন ইউয়ানে (প্রায় ১,৫০,৩২৪ মার্কিন ডলার), যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১.৮ কোটি টাকা। এটি বিশ্বের সবচেয়ে দামী খেলনার রেকর্ড গড়েছে। এই মিন্ট গ্রিন রঙের পুতুলটি লাবুবু মনস্টার সিরিজের একটি বিরল সংস্করণ এবং বিশ্বে এটিই একমাত্র বলে জানিয়েছে নিলামকারী প্রতিষ্ঠান। সাধারণত পপ মার্টের দোকানে এই পুতুলের দাম প্রায় ৫০ ইউয়ান (৭ ডলার)। বিবিসি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লাবুবু পুতুলের নকশা করেছেন হংকংয়ের শিল্পী কাসিং লাং। ২০১৫ সালে তাঁর শিশুতোষ বইয়ের সিরিজ ‘দ্য মনস্টারস’-এর জন্য নর্ডিক পৌরাণিক কাহিনী থেকে অনুপ্রাণিত এই দাঁতালো, সুচালো কানের কৌতুকপূর্ণ চরিত্রটি সৃষ্টি করেন। চীনের খেলনা প্রতিষ্ঠান পপ মার্ট এটি বাজারজাত করে। লাবুবুর জনপ্রিয়তা বিশ্বব্যাপী ছড়িয়েছে ব্লাকপিংকের লিসা, রিহানা, দুয়া লিপা এবং ডেভিড বেকহ্যামের মতো তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে। ২০২৪ সালে লিসা ইনস্টাগ্রামে লাবুবু ব্যাগে ঝুলিয়ে ছবি পোস্ট করেন এবং সাক্ষাৎকারে এর প্রশংসা করেন, যা এর চাহিদা বাড়িয়ে দেয়।

নিলামে মোট ৪৮টি লাবুবু পুতুল বিক্রি হয়, যার মধ্যে একটি ৫ ফুট উঁচু ব্রাউন লাবুবু ৮২০,০০০ ইউয়ানে এবং ‘থ্রি ওয়াইজ লাবুবু’ সিরিজের ৪০ সেন্টিমিটার উঁচু তিনটি পিভিসি পুতুলের সেট ৫১০,০০০ ইউয়ানে বিক্রি হয়। মোট আয় হয়েছে ৩.৭৩ মিলিয়ন ইউয়ান (প্রায় ৫,১৮,০০০ ডলার)। নিলামে প্রায় ২০০ জন সরাসরি এবং ১,০০০-এর বেশি ব্যক্তি ইয়ংলে’র মোবাইল অ্যাপের মাধ্যমে অংশ নেন। সব আইটেমের শুরু মূল্য ছিল শূন্য।

পপ মার্ট বেশিরভাগ লাবুবু ‘ব্লাইন্ড বক্স’ পদ্ধতিতে বিক্রি করে, যেখানে ক্রেতারা প্যাকেজ খোলার আগে জানেন না কোন ডিজাইন পাবেন। এই পদ্ধতি সংগ্রহকারীদের মধ্যে উৎসাহ বাড়ায়। তবে, এর জনপ্রিয়তার কারণে যুক্তরাজ্যে পপ মার্টের ১৬টি দোকানে বিক্রি সাময়িকভাবে বন্ধ করা হয়, কারণ ক্রেতাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একজন নিলামে অংশগ্রহণকারী, রেস্তোরাঁ মালিক ডু, বলেন, তিনি ২০,০০০ ইউয়ান পর্যন্ত খরচ করতে চেয়েছিলেন, কিন্তু দাম বেশি হওয়ায় কিছু কিনতে পারেননি। তিনি বলেন, “আমার সন্তান এটা পছন্দ করে, তাই নতুন পণ্য এলে আমরা একটি বা দুটি কিনি। এর জনপ্রিয়তা বোঝানো কঠিন, তবে এটি এই প্রজন্মকে স্পর্শ করেছে।”

ইয়ংলে’র প্রতিষ্ঠাতা ঝাও জু বলেন, “লাবুবু এখন শুধু চীনের ট্রেন্ডি খেলনা নয়, এটি বিশ্বব্যাপী শিল্পকর্ম হিসেবে স্বীকৃত।” তিনি জানান, প্রতিষ্ঠানটি নিয়মিত লাবুবু নিলামের আয়োজন করবে। পপ মার্টের শেয়ার এ বছর ১৮০% বেড়েছে, এবং ২০২৪ সালে তাদের আয় ১৩ মিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা আগের বছরের দ্বিগুণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *