বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে বাহারুল আলম এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার পদে শেখ সাজ্জাদ আলী নিয়োগ পেয়েছেন।
বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
গত ৫ আগস্ট রাষ্ট্রক্ষমতার পটপরিবর্তনের সঙ্গে সঙ্গেই বাংলাদেশ পুলিশে বড় রদবদল হয়। ৬ আগস্ট পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পান ময়নুল ইসলাম। সাড়ে তিন মাসের মাথায় তাকে আইজিপি পদ থেকে সরিয়ে দেওয়া হলো। নতুন আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাহারুল আলমকে।
অন্যদিকে ৭ আগস্ট ডিএমপির নতুন কমিশনার হিসেবে পুলিশের উপমহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছিল। তাকেও এ পদ থেকে সরিয়ে নতুন ডিএমপি কমিশনার হিসেবে শেখ মো. সাজ্জাদ আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানসহ সদরদপ্তরে দায়িত্ব পালন করেছেন বাহারুল আলম। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদরদপ্তরের শান্তিরক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন।









































































































































































