১৫ এপ্রিল ২০২৫, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) এ–সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করা হয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) স্থলবন্দর দিয়ে ভারত থেকে বস্ত্র খাতের কাঁচামাল সুতা আমদানি বন্ধের দাবি জানায়। পরবর্তীতে মার্চ মাসে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এক চিঠিতে দেশীয় পোশাকশিল্পে স্থানীয় সুতার ব্যবহার বাড়াতে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করার জন্য এনবিআরকে ব্যবস্থা নিতে বলে।
চিঠিতে বলা হয়, দেশীয় টেক্সটাইল শিল্পের স্বার্থ রক্ষায় সব সীমান্তসংলগ্ন সড়ক, রেলপথ এবং স্থলবন্দর ও কাস্টম হাউসের মাধ্যমে সুতার গুণগত মান (কাউন্ট) নির্ণয়ের জন্য আন্তর্জাতিক মানের অবকাঠামো প্রস্তুত না হওয়া পর্যন্ত সমুদ্রবন্দর দিয়ে সুতা আমদানি অব্যাহত রাখার সুপারিশ করা হয়।
এর পরিপ্রেক্ষিতে এনবিআর ২০২৪ সালের ২৭ আগস্টের প্রজ্ঞাপন সংশোধন করে নতুন এই প্রজ্ঞাপন জারি করেছে। তবে স্থলবন্দর ছাড়া সমুদ্রবন্দর বা অন্যান্য পথে সুতা আমদানির অনুমতি বহাল রয়েছে।









































































































































































