বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিন মাস না যেতেই দেশের মানুষের আসল চেহারা বেরিয়ে আসছে। বিভাজন তৈরি করে দেশেকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে দেশের শত্রুরা।
আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
দায়িত্বশীল ব্যক্তিরা দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিচ্ছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আবারও বিভ্রান্ত তৈরি হয়-এমন বক্তব্য না দিতে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
একইদিন প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।
কেন এত ভয়াবহ অস্থিরতা প্রশ্ন তুলে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, তিন মাসও যায়নি, রাস্তায় রাস্তায় দাবি তুলছে, হত্যা, রক্তপাত হচ্ছে, জ্বালাও-পোড়াও চলছে। কেন অস্থিরতা? সমস্যাটা কোথায়? আর কত বিভাজন নিয়ে বাংলাদেশকে টেনে তুলতে হবে। বারবার উঠবে, আবার পড়ে যাবে হিংসার কারণে?
আততায়ী পেছনে দাঁড়িয়ে আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমাদের আতঙ্ক-ভয় কোথায়, আমরা কি বুঝি, আততায়ী পেছনে দাঁড়িয়ে আছে। আমরা বুঝলে এমন দায়িত্বজ্ঞানহীন কথা বের হতো না।
তিনি অভিযোগ করে বলেন, ‘কিছু মানুষ দায়িত্বশীল হয়েও উসকানি দিচ্ছে। তাদের নাম বলবো না। তারা বিভাজনের পথ তৈরি করছে। তারা দেশের শত্রু না বন্ধু, তা বিচারের ভার জনগণের।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, যারা দায়িত্বে রয়েছেন, তারা এমন কথা বলবেন না যা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। এ সরকার কারও দয়ায় হয়নি, রক্তের ওপর এ সরকার হয়েছে, তাই সরকারের দায়িত্ব জনগণের আশার প্রতিফলন ঘটানো।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































