শাটডাউন কর্মসূচি শেষে চট্টগ্রাম কাস্টমস ও কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা পুনরায় কাজে যোগ দিয়েছেন। দুই দিনের এই কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছিল। পণ্য খালাসে মারাত্মক জট সৃষ্টি এবং সরকারের রাজস্ব আদায়ে বড় ধরনের প্রভাব পড়েছিল। তবে, কর্মকর্তারা কাজে ফিরে আসায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
রোববার (২৯ জুন) রাতে সরকার একটি জরুরি নির্দেশনা জারি করে কাস্টমস ও কর বিভাগের সকল কর্মকর্তাকে অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয়। নির্দেশনায় উল্লেখ করা হয়, তারা ‘অত্যাবশ্যক পরিষেবা’র অংশ হিসেবে কর্মবিরতি অব্যাহত রাখতে পারবেন না। সরকারের এই কঠোর অবস্থানের পর কর্মকর্তারা নিজ নিজ দফতরে ফিরে আসেন। ফলে চট্টগ্রাম বন্দরসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থল ও নৌবন্দরে কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।
চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম বলেন, ‘গতকাল রাত থেকে কাজ শুরু হয়েছে। আজ সোমবার হাউসও খুলে গেছে। আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম এখন স্বাভাবিকভাবে চলছে।’





















































































































































































































































































































































































































































































































































































































































































