বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে গুগলের ডিজিটাল সেবা ‘গুগল ওয়ালেট’, যা সাধারণভাবে ‘গুগল পে’ নামে পরিচিত। গুগল, মাস্টারকার্ড এবং ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক পিএলসি এই ডিজিটাল লেনদেন সেবা চালু করেছে। এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাঁদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড গুগল ওয়ালেটে সংযুক্ত করে দ্রুত, নিরাপদ এবং স্পর্শবিহীন পেমেন্ট করতে পারবেন।
মঙ্গলবার (২৪ জুন, ২০২৫) ঢাকার ওয়েস্টিন হোটেলে গুগল পে-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ। এছাড়া উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের প্রধান সৈয়দ মোহাম্মদ কামাল, ভিসা বাংলাদেশের প্রধান সাব্বির আহম্মেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “আর্থিক সেবাকে আরও ডিজিটাল করতে আমরা সহায়তা দিয়ে যাচ্ছি। ডিজিটাল লেনদেন স্বচ্ছতা নিশ্চিত করে এবং আর্থিক অন্তর্ভুক্তির পাশাপাশি নগদবিহীন সমাজ গড়ে তুলতে সহায়তা করে।”
অনুষ্ঠানে জানানো হয়, গুগল পে ব্যবহারকারীরা এখন দেশে বা বিদেশে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) সক্ষম পস টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করেই সহজে লেনদেন করতে পারবেন। গুগল পে-তে ব্যবহৃত উন্নত এনক্রিপশন প্রযুক্তি গ্রাহকের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করবে। এর ফলে গ্রাহকদের স্মার্টফোনই একটি ডিজিটাল ওয়ালেটে রূপান্তরিত হবে, এবং প্লাস্টিক কার্ড বহনের প্রয়োজন হবে না। আকাশপথে যাতায়াত, কেনাকাটা থেকে সিনেমার টিকিট—সবকিছুই মুঠোফোনে লেনদেন করা যাবে।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, “আমরা এখন প্রকৃত অর্থে ডিজিটাল আর্থিক লেনদেনের সক্ষমতা সম্পন্ন দেশের তালিকায় যুক্ত হলাম। মানিব্যাগ থেকে কার্ড সরিয়ে গুগল পে চালুর সময় এসেছে। এর মাধ্যমে শুধু দেশে নয়, সারা বিশ্বে লেনদেন সম্ভব হবে। এটি বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “আমাদের রপ্তানি ও প্রবাসী আয় বাড়ছে। আর্থিক খাত শক্তিশালী করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে, যার মধ্যে পাঁচটি ব্যাংক একীভূত করে শক্তিশালী ব্যাংক গঠনের পরিকল্পনাও রয়েছে।”





















































































































































































































































































































































































































































































































































































































































































