অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, “বিদেশ থেকে চিনি আমদানি আপাতত সম্পূর্ণ বন্ধ। দেশের চিনিকলগুলোতে উৎপাদিত জমাকৃত দেশি চিনি আগে টিসিবির মাধ্যমে বাজারজাত করা হবে।” শনিবার (৬ ডিসেম্বর) সকালে নাটোরের উত্তরা গণভবনের সংস্কার কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আদিলুর রহমান বলেন, “চিনিতে লাভ খুব দ্রুত আসে না। আমাদের চিনিকলগুলো ব্রিটিশ আমলের। পুরো চাহিদার খুব ছোট একটা অংশ আমরা দেশে উৎপাদন করতে পারি। তাই শুধু চিনির ওপর নির্ভর না করে চিনিকলগুলোতে দেশি চিনি পাশাপাশি অন্যান্য পণ্যও উৎপাদনের পরিকল্পনা নেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “ভর্তুকি দিয়ে চিরকাল চালানো সম্ভব নয়। আমরা চেষ্টা করছি—আমাদের সময়ে বা আগামী সরকারের শুরুতে এ ব্যাপারে ভালো খবর আসবে। দেশি উদ্যোক্তাদের প্রতি আমাদের আগ্রহ বেশি। তারা যেন সহযোগী হয়ে আসেন, সে জন্য আলোচনা চলমান আছে।”
আরও পড়ুন: খেলাপি ঋণের সংকট কাটতে ৫-১০ বছর লাগবে: গভর্নর
উত্তরা গণভবনের সংস্কার কাজের অগ্রগতি দেখে উপদেষ্টা বলেন, “আমাদের কাজ হলো গণভবনকে সবসময় প্রস্তুত রাখা। সভা কবে হবে, তার কোনো নির্দিষ্ট তারিখ নেই। প্রতিটি সরকারের আমলেই সাধারণত এখানে এক বা একাধিক সভা হয়। দীর্ঘদিন এটি অবহেলিত ছিল। আমরা এখন তাকে পুরোপুরি সচল করেছি।”

































































































































































































































































































































































































































































































































































































































































































