আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিক বিক্ষোভ-newsedge24

ঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকরা বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ ঘটনায় আশপাশের ১৫টি শিল্প কারখানায় নিরাপত্তাজনিত কারণে ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর ইটখোলা এলাকায় নাসা গ্রুপের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় ৮ হাজার শ্রমিক কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে ১৮ আগস্ট পর্যন্ত ছুটি বর্ধিত করার নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে এই আন্দোলন শুরু করেন। এর ফলে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকদের বিক্ষোভের সময় কিছু শ্রমিক আশপাশের কারখানা থেকে অন্য শ্রমিকদের বের করে আনার চেষ্টা করে, যার ফলে আশপাশের কারখানাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে আশুলিয়ায় ১৫টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শিল্প পুলিশ জানায়, গত ১০ আগস্ট থেকে নাসা গ্রুপের নাসা সুপার কমপ্লেক্সে অনিবার্য কারণে ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে বৃহস্পতিবার সকালে বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি থাকলেও নতুন করে ছুটির নোটিশ দেখে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর আগে, ২০২৪ সালের ২ অক্টোবর রাজধানীর গুলশান থেকে নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গ্রেপ্তার হওয়ার পর থেকে গ্রুপের একাধিক কারখানা আর্থিক সংকটে পড়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের রপ্তানি ও বিনিয়োগে নুতন সম্ভাবনা

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভুঁইয়া জানান, নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভের কারণে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *