বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা গায়ের জোরে তার প্রভুদেরকে সন্তুষ্ট করার জন্য একের পর এক কাজ করেছেন। জিয়াউর রহমান সংবিধানে আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা সংযুক্ত করেছিলেন, এটা কি কোনো মানুষ অস্বীকার করে? আর শেখ হাসিনা যা করেছেন সবকিছুই তো গায়ের জোরে করেছেন।
আজ শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জাতীয়তাবাদী কৃষক দলের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা তো বিপ্লবের মাধ্যমে তৈরি হওয়া একটি সরকার। এই সরকারের সবকিছু যে সংবিধান অনুযায়ী হতে হবে সেটার তো কোনো দরকার নেই। কারণ বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয় সেই সরকারকে নতুন করে সবকিছু করতে হয়। যাতে গণতন্ত্রের ইনস্টিটিউশনগুলো ডেভলপ করে, সেই প্রচেষ্টার জন্য অনেক কাজ করতে হবে যেটা বর্তমান সংবিধানের মধ্যে সংবিধিবদ্ধ নয়। এটা তো শেখ হাসিনার সংবিধান। শেখ হাসিনা কাটাছেঁড়া করে এমন একটি সংবিধান তৈরি করেছে।
তিনি আরও বলেন, আপনারাতো (অন্তর্বর্তী সরকার) নিজেরাও সংবিধানের আওতায় ক্ষমতায় আসেননি, কিন্তু জনসমর্থন রয়েছে। দ্রুত গতিতে পদক্ষেপ নিতে হবে, আপনাদের কাজের গতি যদি কমে যায় তাহলে জনগণ মনে করবে আপনারা সঠিক কাজ করছেন না।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই মুখপাত্র বলেন, দেশকে যারা পছন্দ করেনা তারা চায়না বাংলাদেশের সামরিক বাহিনী বিশ্বের একটি আধুনিক চৌকস বাহিনীতে পরিণত হোক। শেখ হাসিনা শুধুমাত্র তাদেরকে খুশি করার জন্য একের পর এক দেশবিরোধী কাজগুলো করে গেছেন।
আরও পড়ুনঃ সাইবার নিরাপত্তা আইন বাতিল হলে হয়রানি মামলা রহিত হবে: আসিফ নজরুল









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































