বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৬.৩৯ বিলিয়ন ডলার-newsedge24

ঢাকা, ১৬ এপ্রিল ২০২৫: বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৬.৩৯ বিলিয়ন ডলার বা ২ হাজার ৬৩৯ কোটি ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, নিট রিজার্ভ এখন ২১.১১ বিলিয়ন ডলার বা ২ হাজার ১১১ কোটি ৪৪ লাখ ডলার। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

আরিফ হোসেন খান জানান, বর্তমানে রিজার্ভ সন্তোষজনক পর্যায়ে রয়েছে। আইএমএফের ঋণপ্রাপ্তির শর্ত অনুযায়ী, জুনের মধ্যে নিট রিজার্ভ কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছানোর লক্ষ্য রয়েছে। তিনি বলেন, আমরা আশা করছি, জুনের মধ্যে আইএমএফের শর্ত পূরণ করতে সক্ষম হব।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা জানান, আইএমএফের লক্ষ্যমাত্রার তুলনায় বর্তমানে নিট রিজার্ভ প্রায় ১ বিলিয়ন ডলার পিছিয়ে রয়েছে। সংস্থাটির শর্ত অনুযায়ী, জুনের মধ্যে নিট রিজার্ভ ১৭ বিলিয়ন ডলারের কিছু বেশি হওয়া প্রয়োজন, যেখানে এখন এটি ১৬ বিলিয়ন ডলারের কাছাকাছি রয়েছে।

এর আগে, গত ১০ এপ্রিল পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২৬.১৪ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে নিট রিজার্ভ ছিল ২০.৯০ বিলিয়ন ডলার। এরও আগে ৬ এপ্রিল পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২৫.৬২ বিলিয়ন ডলার এবং নিট রিজার্ভ ছিল ২০.৪৬ বিলিয়ন ডলার। এই ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে,  মার্চ মাসে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩২৯ কোটি ডলার, যা বাংলাদেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *