উত্তরাঞ্চল থেকে সরকারের উপদেষ্টা নিয়োগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
আজ শনিবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শারমীন এস মুরশিদ বলেন, আপনারা আঞ্চলিকভাবে চিন্তা করবেন না। এটা যদি করেন তাহলে আপনারা নিজেদের ছোট করে ফেলবেন।
উপদেষ্টা নিয়োগে বিতর্ক প্রসঙ্গে জানতে চাইলে সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, আমাদের সমালোচনা করুন। আমরা সেগুলো শুধরিয়ে এগিয়ে যেতে চাই। দেশের প্রেক্ষাপটে আমাদের প্রধান উপদেষ্টা যাদের মনে করেছেন উপদেষ্টা হিসেবে যুক্ত করা দরকার তাদের যুক্ত করা হয়েছে। কাউকে ছোট বা বড় করে নয়।
চট্টগ্রাম বিভাগ থেকে অনেক উপদেষ্টা নিয়োগ হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে শারমীন এস মুরশিদ বলেন, এটা কোনো বৈষম্য নয়। এভাবে দেখা বন্ধ করুন। আমি একটা কথা বলি আপনাদের। বিগত সময়ে ফরিদপুর থেকে কী পরিমাণ লোক এসেছে, ভরে গিয়েছিল না। আমরা সেই আঞ্চলিকতায় বিশ্বাস করি না। এ এলাকায় যতখানি, মেধা, শ্রম ও অর্থ দেব, তা অন্য এলাকাতেও দেব।
এর আগে, তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত রংপুর বিভাগের শহীদ পরিবারের সদস্যদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।
আরও পড়ুনঃ “যদি তোমরা স্বপ্ন দেখো, তবে তোমাদের জীবনে একটি বড় পরিবর্তন আসবে”











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































