অনিয়ম-অব্যবস্থাপনার ফলে দীর্ঘদিনে তৈরি হওয়া খেলাপি ঋণের সংকট কাটিয়ে উঠতে অন্তত ৫ থেকে ১০ বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ব্যাংক খাতের মোট ঋণের এক-তৃতীয়াংশের বেশি এখন খেলাপি। বাকি দুই-তৃতীয়াংশের ওপর নির্ভর করে ব্যাংক চালাতে হচ্ছে—যা পুরো আর্থিক খাতকে চাপের মুখে ফেলেছে।
শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৫’-এর উদ্বোধনী অধিবেশনে গভর্নর বলেন, “প্রতি প্রান্তিকে নতুন ক্লাসিফিকেশন নিয়ম কার্যকর হলে দেখা যাচ্ছে খেলাপি ঋণ আরও বাড়ছে। দুই বছর আগে ধারণা ছিল ২৫ শতাংশের মতো হতে পারে, তৎকালীন সরকার বলেছিল ৮ শতাংশ। এখন দেখা যাচ্ছে এটি ইতিমধ্যে ৩৫ শতাংশ ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতি রাতারাতি সমাধান সম্ভব নয়। ধাপে ধাপে এগোতে হবে। পুরোপুরি উত্তরণে ৫ থেকে ১০ বছর লাগতে পারে।”
আরও পড়ুন: পাট, বস্ত্র, সবুজ প্রযুক্তি এবং ওষুধ শিল্পে বিনিয়োগে আগ্রহী চীন
তবে আমদানির জন্য পর্যাপ্ত ডলার মজুত আছে জানিয়ে গভর্নর বলেন, “চলতি বছর রমজানে ঋণপত্র খোলা ও পণ্য আমদানি নিয়ে কোনো শঙ্কা নেই। গত বছরের এ সময়ের তুলনায় ২০ থেকে ৫০ শতাংশ বেশি ঋণপত্র খোলা হয়েছে।”



























































































































































































































































































































































































































































































































































































































































































































