বাংলাদেশকে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির দিকেও সমান গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, “আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে ট্রেড নেগোসিয়েশন, ট্রেড ল, ডব্লিউটিও বিধিবিধান এবং আধুনিক বাণিজ্য ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলা অত্যন্ত জরুরি।”
বুধবার বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজার গায়েল মার্টিনের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বিশ্বব্যাংকের চলমান সহযোগিতা, সক্ষমতা উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং বাণিজ্য খাতের আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী বিশ্বব্যাংকের কাছে ট্রেড নেগোসিয়েশন স্কিল ডেভেলপমেন্ট, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে শক্তিশালী করা এবং ট্রেড ল ও ডব্লিউটিও বিষয়ক ব্যবহারিক প্রশিক্ষণের জন্য আরও বিস্তৃত সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, দেশে বড় বড় প্রকল্প বাস্তবায়িত হলেও প্রকল্প পরিচালকদের (পিডি) দক্ষতা উন্নয়নে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি। এ বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের জন্য বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হবে: এডিবি
বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজার গায়েল মার্টিন বাণিজ্য মন্ত্রণালয়ের ইসিফোর প্রকল্পকে সফল উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্বব্যাংক ভবিষ্যতেও দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিতে সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি আরও জানান, বাংলাদেশে বিশ্বব্যাংকের কর্মসূচিতে কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ভ্যালু ক্রিয়েশনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।









































































































































































