তুলনা আল হারুন-010247-NewsEdge24

অবশেষে ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে চলে গেলেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা আল হারুন। শুক্রবার রাত ১১টা ০৫ মিনিটে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছোট ভাই আয়াজ।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তুলনা। ব্রেন টিউমার থেকে তার ক্যান্সার ধরা পড়ে। কয়েক বছর আগে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠলেও সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হলে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। গতকাল মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের ৩ নম্বর সড়কে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

মডেলিং, অভিনয় ও উপস্থাপনার পাশাপাশি ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও বেশ পরিচিত ছিলেন তুলনা। তবে মডেল হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। তার হাস্যোজ্জ্বল মুখ, ইতিবাচক মনোভাব ও সৃজনশীলতা সহকর্মী ও ভক্তদের কাছে তাকে জনপ্রিয় করে তুলেছিল। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। যোগাযোগমাধ্যমে সহকর্মী, ডিজাইনার ও ভক্তরা শোক প্রকাশ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *