আজ মুক্তি পাচ্ছে ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’। কামরুজ্জামানের পরিচালনায় নির্মিত এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিন। তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান, ঝুনা চৌধুরীসহ আরও অনেকে।
মুক্তির আগে বুধবার রাজধানীর সেন্টার পয়েন্টের সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিনেমার কলাকুশলীরা। নতুন এই সিনেমার সংলাপ ও কাহিনি বিন্যাস করেছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমেদ।
ছটকু আহমেদ বলেন, ‘হঠাৎ বৃষ্টি দেখেছি, আজ আবার হঠাৎ বৃষ্টিও দেখলাম। আমার কাছে ছবিটা দারুণ লেগেছে। আশা করছি দর্শকদের কাছেও ভালো লাগবে। আবার হঠাৎ বৃষ্টি আগেরটার চেয়ে ৯০ শতাংশ উতরে গেছে। যারা দেখবে, তারা নতুন দৃষ্টিকোণ থেকে দেখবে বলেই আমার বিশ্বাস।’
‘আবার হঠাৎ বৃষ্টি’ যৌথভাবে প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্মের কর্ণধার ফরিদুর রেজা সাগর, প্রযোজক হাবিবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনসহ সিনেমাটির শিল্পী-কলাকুশলীরা।













































































































































































































































