ঢালিউড অভিনেত্রী তমা মির্জা তার ফেসবুক অ্যাকাউন্টে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি লিখেছেন, “মানুষ এত পাশবিক কী করে হয়? এভাবে পিটিয়ে মেরে ফেললো?” তমা মির্জার এই পোস্টে বেশিরভাগ মানুষ এই নৃশংস হত্যার বিচার দাবি কর মন্তব্য করেছেন।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের চেইঙ্গার ব্রিজ এলাকায় চোর সন্দেহে তিন কিশোরকে বেঁধে মারধরের ঘটনায় একজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) ভোরে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিহত কিশোরের নাম মো. রিহান উদ্দিন মাহিন (১৫), যিনি স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন। আহত দুই কিশোর, মানিক এবং রাহাত, বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন সানাই মাহবুব
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মাহিন, মানিক ও রাহাত সিএনজি অটোরিকশায় এলাকায় ফিরছিলেন। এ সময় একদল যুবক তাদের চোর সন্দেহে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিন কিশোর একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নেন। কিন্তু হামলাকারীরা তাদের জোরপূর্বক নামিয়ে চেইঙ্গার ব্রিজের ওপর রশি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়। মাহিনের বাবা মুহাম্মদ লোকমান (৪৫) ছেলেকে বাঁচাতে এলে তাকেও মারধর করা হয়।













































































































































































































































