'ইত্যাদি'র বিশেষ পর্ব-ইত্যাদি-newsedge4

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র তিন যুগ ধরে দর্শকদের মন জয় করে আসছে। এই ধারাবাহিকতায় এবার প্রচারিত হতে যাচ্ছে ১৬ বছর আগের একটি বিশেষ পর্ব, যা ২০০৯ সালের আগস্টে ঐতিহাসিক আহসান মঞ্জিলের সামনে বিশাল উন্মুক্ত মঞ্চে ধারণ করা হয়েছিল। দর্শকরা এই পর্বটি দেখতে পাবেন আগামী ১ আগস্ট, শুক্রবার, রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে।

‘ইত্যাদি’র এই বিশেষ পর্বে থাকছে জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল ও শাকিলা জাফরের পরিবেশনায় দুটি গান। এছাড়া, ইত্যাদির টাঙ্গাইল পর্ব থেকে বর্ষাকাল নিয়ে সংগীতশিল্পী সামিনা চৌধুরীর গাওয়া একটি বিশেষ গানও অন্তর্ভুক্ত রয়েছে। তিনটি গানেরই গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু।

আরও পড়ুন: নতুন সিনেমায় সুনেরাহ বিনতে কামাল

অনুষ্ঠানে মানবিক ও ব্যতিক্রমী প্রতিবেদন হিসেবে তুলে ধরা হবে নীলফামারীর সীমান্তবর্তী ডিমলা উপজেলার এক প্রতিবন্ধী নারী বানু আক্তারের সংগ্রামী জীবনের গল্প। এছাড়া, নাটোরের লক্ষ্মণবাড়িয়া গ্রামের ‘আম চিঠি’ খ্যাত মো. জাকির হোসেনের অনন্য উদ্যোগের ওপর একটি আকর্ষণীয় প্রতিবেদন থাকবে। পাশাপাশি, দুর্লভ নিদর্শন সংগ্রাহক আব্দুস সামাদ মণ্ডলের জীবনের অর্ধেক সময় নিবেদিত সংগ্রহের গল্প নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদনও উপস্থাপন করা হবে।

‘ইত্যাদি’র নিয়মিত বিভাগগুলোর মধ্যে থাকছে নানি-নাতি, মামা-ভাগনে, দর্শক পর্ব এবং চিঠিপত্র বিভাগ। এছাড়া, সমাজের নানা অসংগতি ও সমসাময়িক ইস্যু নিয়ে নির্মিত বিদ্রূপাত্মক নাট্যাংশও অনুষ্ঠানের অংশ হিসেবে থাকবে।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *