মেগাস্টার শাকিব খানের আগামী ঈদুল ফিতরের সিনেমা ‘প্রিন্স’ নিয়ে সাম্প্রতিক গুঞ্জনের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। বিবৃতিতে তারা জানান, ‘প্রিন্স’ সিনেমা নিয়ে চারপাশে ছড়ানো নানা গুঞ্জন আদতে গুজব ছাড়া কিছু নয়। ‘প্রিন্স’ টিম শুরু থেকেই তাদের আপডেট দিয়ে এসেছে। চলমান পরিস্থিতিতে বিভিন্ন প্রতিবন্ধকতা উত্তরণ করে ‘প্রিন্স’ টিম এগিয়ে যাচ্ছে। আগামী ৬ জানুয়ারি ‘প্রিন্স’র শুটিং শুরু হচ্ছে। সুবিধামতো সময়ে ফার্স্ট লুক ও পোস্টার প্রকাশ করা হবে। সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সিনেমার নির্মাতা আবু হায়াত মাহমুদও।
এর আগে সিনেমায় শাকিব খানের বিপরীতে দুই নায়িকার কথা শোনা গেলেও দ্বিতীয় নায়িকা নিয়ে জল্পনা চলছিল। তাসনিয়া ফারিণ নিশ্চিত হলেও কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর নাম উঠে আসে, যা তিনি গুজব বলে উড়িয়ে দেন। পরে শোনা যায়, বর্তমান পরিস্থিতি ও ভারতের সঙ্গে ভিসা জটিলতার কারণে দেশীয় অভিনেত্রী সাবিলা নূরকে যুক্ত করা হতে পারে। এছাড়া শুটিং পিছিয়ে যাওয়া এবং মুক্তি অনিশ্চিত—এমন খবরে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে ওঠে।
প্রযোজনা প্রতিষ্ঠানের এই বিবৃতিতে সব জল্পনার অবসান ঘটল। ‘প্রিন্স’ নির্ধারিত সময়ে শুটিং শুরু করে ঈদে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।













































































































































































































































