পাকিস্তানের বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বাংলাদেশে প্রথমবারের মতো পা রাখছেন। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা তার। এই সফরে কয়েকদিন ধরে ঢাকায় অবস্থান করবেন তিনি এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তার অভিনয় ও সৌন্দর্যের ক্রেজ রয়েছে বাংলাদেশে, যা এই সফরকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।
সানসিল্ক সম্প্রতি বাজারে নতুন ‘ব্ল্যাক শাইন ফর্মুলা’ চালু করেছে, যা ভিটামিন সি ও ই-এর গুণে চুলকে ঝলমলে গ্লাস শাইন প্রদান করে। এই লঞ্চ উদযাপন এবং বাংলাদেশে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যাত্রা শুরুর স্মরণীয় করতে হানিয়া ঢাকায় আসছেন। পাকিস্তানে সানসিল্কের দীর্ঘদিনের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে আসা হানিয়া এবার বাংলাদেশী ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সানসিল্কের ইভেন্টে তার পক্ষ থেকে বিশেষ চমকও থাকবে বলে জানা গেছে।
অল্প সময়েই টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে হানিয়া দক্ষিণ এশিয়ার বিনোদন জগতের উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছেন। ২০১৬ সালে ‘জানান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর তিনি ধারাবাহিকভাবে দর্শকদের মুগ্ধ করেছেন ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাবি মে কাবি তুম’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে। সাম্প্রতিককালে বলিউডের ‘সর্দারজি ৩’-এ তার ভূমিকা ইন্ডিয়া ও পাকিস্তানে প্রশংসিত হয়েছে।
অভিনয়ের বাইরে তার মিষ্টি হাসি, অনন্য স্টাইল ও প্রাণবন্ত ব্যক্তিত্ব অগণিত ভক্তদের প্রিয় করে তুলেছে। বাংলাদেশে তার নাটক ও ফ্যাশন চয়েসের প্রশংসা হয়েছে। সানসিল্ক বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে সোমবার একটি ভিডিওতে হানিয়া বলেন, “হাই বাংলাদেশ, আমি হানিয়া। অনুমান করুন কী? আমি সানসিল্কের সঙ্গে ঢাকায় আসছি। এটা অনেক মজার হবে এবং কিছু চমক থাকবে। সবাইকে দেখা হবে শীঘ্রই!”
সানসিল্ক বাংলাদেশ জানিয়েছে, তার সফরের বিস্তারিত এবং আসন্ন ইভেন্টের তথ্য অফিসিয়াল পেজে শেয়ার করা হবে।













































































































































































































































