অভিনেতা স্বাধীন খসরু তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের একজন নারী উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর ও অশালীন ভাষায় একটি ভিডিও পোস্ট করার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) প্রকাশিত এই ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে নেটিজেন ও নাট্যাঙ্গনের মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
ভিডিওটিতে স্বাধীন খসরু দেশের একজন নারী উপদেষ্টার বিরুদ্ধে অশালীন ও অবমাননাকর মন্তব্য করেছেন, যা সমাজের বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। নেটিজেনরা এই আচরণকে ‘অগ্রহণযোগ্য’ এবং ‘অশোভন’ বলে আখ্যায়িত করেছেন। অনেকে বলছেন, একজন শিল্পী হিসেবে স্বাধীন খসরুর কাছ থেকে সমাজের জন্য ইতিবাচক বার্তা প্রত্যাশিত ছিল, কিন্তু তার এই আচরণ নাট্যাঙ্গনের মানুষদের হতবাক ও হতাশ করেছে। কেউ কেউ তাকে ‘মানসিক বিকারগ্রস্থ’ বলেও মন্তব্য করেছেন।
আরও পড়ুন: ট্রলিংয়ের শিকার সামিরা খান মাহি
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিওটি নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ব্যক্তিগত মতপ্রকাশের স্বাধীনতার অধিকার থাকলেও নারীর প্রতি অবমাননাকর ও অশ্লীল ভাষা ব্যবহার সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মনে করছেন অনেকে। এ ঘটনায় স্বাধীন খসরুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
নাট্যাঙ্গনের ব্যক্তিরা এবং সাধারণ মানুষ অভিনয়শিল্পী সংঘকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। নাট্যাঙ্গনের একজন শিল্পী বলেন, “শিল্পীদের সমাজে ইতিবাচক প্রভাব ফেলার কথা। স্বাধীন খসরুর এই আচরণ শুধু তার নিজের মর্যাদা নষ্ট করেনি, বরং পুরো নাট্যাঙ্গনের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করেছে।”













































































































































































































































