হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি যুক্তরাষ্ট্রে বাকস্বাধীনতার উপর ক্রমবর্ধমান হুমকির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গত রবিবার (২২ সেপ্টেম্বর) স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে তার সর্বশেষ চলচ্চিত্র ‘কৌচার’-এর প্রচারণার সময় তিনি বলেন, “আমি আমার দেশকে ভালোবাসি, তবে আমি এই মুহূর্তে আমার দেশকে চিনতে পারছি না।”
যুক্তরাষ্ট্রে বাকস্বাধীনতা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে জোলির এই মন্তব্য এসেছে। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণমাধ্যম সমালোচনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং রক্ষণশীল প্রভাবশালী চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জন্য লেট-নাইট হোস্ট জিমি কিমেলের অনুষ্ঠান স্থগিত করার ঘটনা বিতর্ক তৈরি করেছে। এই পরিস্থিতিতে জোলিকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি ভীত কিনা, তিনি বলেন, “যে কোনো কিছু, যে কোনো জায়গায় বা যে কারো কাছ থেকে ব্যক্তিগত অভিব্যক্তি ও স্বাধীনতাকে সীমিত করাকে আমি অবশ্যই খুব বিপজ্জনক মনে করি।”
৫০ বছর বয়সী এই অস্কারজয়ী অভিনেত্রী আরও বলেন, “আমরা সবাই একসঙ্গে একটি কঠিন সময় পার করছি।” তিনি সান সেবাস্তিয়ানে ফরাসি পরিচালক অ্যালিস উইনোকুর পরিচালিত ‘কৌচার’ ছবির প্রচারণায় অংশ নিচ্ছেন, যা উৎসবের শীর্ষ পুরস্কার গোল্ডেন শেলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে।
আরও পড়ুন: বাগদান সারলেন টেইলর সুইফট
‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’, ‘গার্ল, ইন্টারাপ্টেড’, ‘ওয়ান্টেড’, ‘ট্যুরিস্ট’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিত জোলি ১৯৯৯ সালে ‘গার্ল, ইন্টারাপ্টেড’ ছবির জন্য অস্কার জিতেছিলেন।













































































































































































































































