আসছে ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে পূজা চেরি অভিনীত নতুন চলচ্চিত্র ‘দম’। এ উপলক্ষে সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অংশ নিয়েছেন পূজা। আজ শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচারিত হবে এই বিশেষ পর্ব।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টে পূজা চেরি অকপটে তাকে ঘিরে থাকা সব স্ক্যান্ডালের খোলাখুলি জবাব দিয়েছেন। আব্দুল আজিজ, শাকিব খান, সিয়াম আহমেদ, আদর আজাদের সঙ্গে বিভিন্ন সময় তার নাম জড়িয়েছে—এসব নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
শুধু তাই নয়, পডকাস্টে পূজা চেরি তার বর্তমান সম্পর্কের কথাও খোলাখুলি জানিয়েছেন। তিনি বলেন, “সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি কখনো চাই না আমার নামের সঙ্গে ‘ডিভোর্স’ শব্দটি যুক্ত হোক। যদি সম্ভব হয় সংসার আর অভিনয় একসঙ্গেই চালিয়ে যাবো। আর যদি মনে হয় কোনোটা উনিশ, কোনোটা বিশ হচ্ছে—সে ক্ষেত্রে আমি সংসারকে বেছে নিয়ে চলচ্চিত্র থেকে বিদায় নেবো। সুঅভিনেত্রী হওয়ার স্বপ্ন ছোটবেলা থেকেই দেখেছি। তবে সংসারের জন্য আমি নির্দ্বিধায় সবকিছু ছাড়তে পারবো।”













































































































































































































































