ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনির মৃত্যুর গুজব সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তিনি ফেসবুক লাইভে এসে তীব্র বিরক্তি প্রকাশ করেছেন। গুজবে বলা হয়েছিল, তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই অপপ্রচারের জবাবে পরীমনি বলেন, “সারা দিন শুটিং করে ফোন হাতে নেওয়ার পর শকড হয়ে গেছি। ফোনকলের চেয়ে মেসেজ বেশি। ধরেন, আপনার কোনো আত্মীয়ের মৃত্যুর খবর শুনে তাকে ফোন করে জিজ্ঞেস করছেন, আপনি বেঁচে আছেন? এটা কতটা শকিং!”
লাইভে পরীমনি আরও বলেন, “মৃত্যু আমার হাতে নেই। কখন চলে যাবেন, তা কেউ জানে না। আমি আল্লাহর কাছে স্বাভাবিক মৃত্যু চাই।” তিনি ভক্তদের উদ্দেশে বলেন, “যদি আমার অস্বাভাবিক মৃত্যু হয়, ধরে নেবেন কেউ আমাকে খুন করেছে।” গুজবের উৎস নিয়ে তিনি ইঙ্গিত দেন, “কোনো একটা ফোকাস সরানোর জন্য মানুষ পরীমনিকে বেছে নেয়। আলুর দাম কমাতে না পারলে পরীমনির বিয়ের খবর, আর বিয়ে দিতে না পারলে মেরে ফেলা!”
পরীমনি লাইভের শেষের দিকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে নিয়ে সামাজিক মাধ্যমে চলা প্রতিক্রিয়ার প্রসঙ্গ টেনে বলেন, “নুসরাত ফারিয়াকে নিয়ে আলোচনা থামাতে আমার মৃত্যুর গুজব ছড়ানো হতে পারে।” তিনি জোর দিয়ে বলেন, “আমি সুইসাইড করার মতো মেয়ে না। আমার জীবনে এখন সুইসাইডের কোনো ইস্যু নেই। দুই বাচ্চা আর কাজ নিয়ে আমি অনেক খুশি।”













































































































































































































































