ছোট পর্দার অভিনয়শিল্পী জাহের আলভীর (প্রকৃত নাম নিয়ামত উল্লাহ ভূঁইয়া) অবস্থান নিয়ে রহস্য তৈরি হয়েছে। স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের মামলার পর থেকে তার কোনো খোঁজ মিলছে না। গতকাল রোববার রাতে নেপাল থেকে দেশে ফিরেছেন বলে গুঞ্জন ছড়ালেও পুলিশ এখনও তার অবস্থান নিশ্চিত করতে পারেনি।
সূত্র জানিয়েছে, রোববার বিকেলে নেপাল থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আলভী। বিমানবন্দরে কিছুক্ষণ অবস্থানের পর একজনের সহায়তায় তিনি বেরিয়ে যান। কিন্তু তারপর থেকে তার ফোন, হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ সব যোগাযোগমাধ্যম বন্ধ রয়েছে। রোববার দুপুরে তিনি জানিয়েছিলেন, শুটিং শেষ করে সন্ধ্যার মধ্যে ঢাকায় ফিরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন। কিন্তু দেশে ফিরলেও কোনো বক্তব্য দেননি, বরং গা-ঢাকা দিয়েছেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, ‘আমরা আলভীকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তার অবস্থান নিয়ে ধোঁয়াশা রয়েছে। দেশে ফিরেছেন কি না, তা নিশ্চিত হয়নি। তদন্ত চলমান।’ পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, তারা বিমানবন্দরের সিসি ক্যামেরা ফুটেজ যাচাই করছে এবং ঘনিষ্ঠজনদের সঙ্গে যোগাযোগ করছে।
এদিকে বিনোদন অঙ্গনের ঘনিষ্ঠজনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ মনে করছেন, এভাবে গা-ঢাকা দেওয়া তার পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। একজন ঘনিষ্ঠ সহকর্মী বলেন, ‘ইকরার মৃত্যুর আগে কী ঘটেছিল, সে বিষয়ে স্পষ্ট বক্তব্য দেওয়া জরুরি। চুপ থাকলে জনমনে সন্দেহ আরও বাড়বে।’ অন্যদিকে কেউ কেউ বলছেন, মানসিক চাপের কারণে তিনি এখন নীরবতা পালন করছেন।













































































































































































































































