উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খানের কাওয়ালি ও হিন্দি সিনেমার রোমান্টিক গানে মুগ্ধ শ্রোতারা। এবার তিনি বাংলাদেশের লাখো ভক্তদের জন্য নিয়ে এলেন বিশেষ উপহার—তার প্রথম বাংলা গান ‘তুমি আমার প্রেম পিয়াসা’। এই গানে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান।
গানটির কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল, আর সুর ও সঙ্গীতায়োজন করেছেন রাজা কাশেফ। সম্প্রতি দুবাইয়ের ‘প্লেব্যাক ক্রিয়েটিভ স্টুডিও’তে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। প্রকাশ করছে দেশের শীর্ষ অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
রাহাত ফতেহ আলী খানের বাংলা গানে কণ্ঠ দেওয়ার পেছনে রয়েছে একটি মজার গল্প। রুবাইয়াত জাহান টেলিফোনে জানান, লন্ডনে রাহাত ফতেহ আলী খানের সঙ্গে সাক্ষাতের সময় তিনি বাংলা গানের প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করেন। তিনি বাংলা গান গাইতে আগ্রহী বলে জানালে সুরকার রাজা কাশেফ তাকে এই গানটির প্রস্তাব দেন। রাহাত তৎক্ষণাৎ রাজি হয়ে যান এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গানটি গাইলেন। রেকর্ডিংয়ের সময় তিনি বারবার বলেছেন, গানটির কথা, সুর ও সঙ্গীত তার হৃদয় ছুঁয়েছে।
রুবাইয়াত জাহান বলেন, “রাহাত ফতেহ আলী খানের সঙ্গে গান গাওয়া আমার জীবনের একটি অসাধারণ অর্জন। মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেয়েছি। আমি আমার গায়কীর সেরাটা দিয়েছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।”
সুরকার ও সঙ্গীত পরিচালক রাজা কাশেফ জানান, গানটির মিউজিক ভিডিও শিগগিরই লন্ডনের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত হবে। এরপর বিশ্বব্যাপী শ্রোতাদের জন্য প্রকাশ করা হবে এই বিশেষ গানটি।













































































































































































































































