সম্প্রতি প্রকাশ পেয়েছে সাফা কবির অভিনীত চরকি অরিজিনাল ফিল্ম ‘চা গরম’র অফিসিয়াল পোস্টার। পোস্টার দেখেই স্পষ্ট হয়ে উঠেছে, গল্পের সঙ্গে ‘চা’র গভীর সম্পর্ক রয়েছে। পরিচালক শঙ্খ দাশগুপ্ত জানিয়েছেন, চা বাগানের শ্রমিকদের প্রাত্যহিক জীবন, অধিকার ও জীবনমানের কিছু অংশ এই ফিল্মে দেখতে পাবেন দর্শকরা।
শঙ্খ দাশগুপ্ত বলেন, “নির্মাতা হিসেবে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে চা বাগান সব সময় ব্যবহার হয়েছে ব্যাকড্রপ হিসেবে। চা বাগান একটা সুন্দর এলাকা যেখানে চরিত্রগুলো থাকবে, ব্যাকড্রপে চা বাগান থাকবে—সেটা দেখতে অনেক সুন্দর হবে। তো আমার কাছে মনে হলো এটা ব্রেক করা দরকার। আমরা চা বাগানের ভেতরটায় ঢুকতে চেয়েছি এবং ঢুকেছি। চা বাগানের জীবনটা দেখার চেষ্টা করেছি। সৌন্দর্যটাই শুধু ক্যাপচার করিনি, এবার আমি চা বাগানের ভেতরে গিয়ে শ্রমিকদের লাইফটা দেখার সুযোগ পেয়েছি।”
‘চা গরম’ ফিল্মটি চরকিতে মুক্তি পাবে বৈশাখকে কেন্দ্র করে, অর্থাৎ আগামী ১৪ এপ্রিল। সাফা কবির ছাড়াও এতে অভিনয় করেছেন পার্থ শেখ, রেজওয়ান পারভেজ ও সারাহ জাবিন অদিতি।
সাফা কবির বলেন, “‘চা গরম’র প্রতি আমার আগ্রহের অন্যতম বড় কারণ ছিল পরিচালক শঙ্খ দাশগুপ্ত। তিনি সব সময়ই ভিন্ন ধরনের গল্প বলেন এবং তার কাজের মধ্যে একটা স্পষ্ট দৃষ্টিভঙ্গি থাকে। একইসঙ্গে, গল্পটিও আমার কাছে খুব শক্তিশালী লেগেছে। এটি আমাদের সমাজের এমন একটি দিককে তুলে ধরে, যেটা আমরা অনেক সময় দেখি না, কিন্তু খুব কাছেই থাকে। এই বিষয়টাই আমাকে এই কাজটির অংশ হতে অনুপ্রাণিত করেছে।”
পরিচালক শঙ্খ দাশগুপ্তের আগের কাজ ‘গুটি’ সিরিজ এবং ‘প্রিয় মালতী’ সিনেমায়ও তিনি সমাজের গভীরে প্রবেশ করে গল্প বলার চেষ্টা করেছেন। ‘চা গরম’য়েও সেই ধারাবাহিকতা থাকবে বলে আশা করা হচ্ছে।













































































































































































































































