এক সময়ের জনপ্রিয় ও দাপুটে চিত্রনায়িকা মৌসুমী প্রায় দুই বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন। নতুন সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’-এর মাধ্যমে হচ্ছে তার এই প্রত্যাবর্তন। সিনেমাটি আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। মৌসুমী সর্বশেষ অভিনয় করেছিলেন ‘সোনার চর’ সিনেমায়।
গল্পে কী? সিনেমার গল্প আবর্তিত হয়েছে বিদেশের মাটিতে এক নারীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে। বাংলাদেশে স্বামী রেখে বিদেশে গিয়ে দ্বিতীয় বিয়ে করা এবং সেই সিদ্ধান্তকে ঘিরে তৈরি হওয়া জটিলতাই মূল বিষয়।
পরিচালক হাসান জাহাঙ্গীর জানিয়েছেন, গল্পটি বাস্তব জীবনের অনুপ্রেরণায় নির্মিত। নারীর মর্যাদা, সম্মান এবং প্রবাস জীবনের কঠিন বাস্তবতা তুলে ধরা হয়েছে এতে। সিনেমার প্রায় ৮০ শতাংশ শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে, বাকি অংশ বাংলাদেশে সম্পন্ন হয়েছে।
প্রবাসে স্থায়ীভাবে বসবাস করলেও ভক্তদের জন্য নতুন এই কাজ নিয়ে হাজির হচ্ছেন মৌসুমী।













































































































































































































































