দীর্ঘ দুই বছরের বিরতি ভেঙে বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা পরীমণি। মাতৃত্ব ও পারিবারিক ব্যস্ততার কারণে অভিনয় থেকে দূরে থাকা এই তারকা আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে। সুখবর হলো, এই সিনেমাটি আসছে রোজার ঈদে মুক্তি পাচ্ছে।
২০২৩ সালের অক্টোবরে শুরু হয় ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং। চলতি বছরের শুরুতে এক ভিডিওবার্তায় পরী জানান, তিনি এই সিনেমার শুটিং শেষ করেছেন। সিনেমার সহ-প্রযোজক নাজমুল হক ভূঁইয়া বলেন, “আমাদের সিনেমার ডাবিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ শেষ হয়েছে। এখন শুধু কালার গ্রেডিং ও এডিটিংয়ের কাজ বাকি। ইনশাআল্লাহ, আমরা রোজার ঈদে ছবিটি মুক্তি দিতে পারব।”
‘ডোডোর গল্প’ সিনেমায় পরীমণি অভিনয় করেছেন কাজল চৌধুরী নামের একটি চরিত্রে। তার সঙ্গে রয়েছেন সাইমন সাদিক, যিনি রায়হান নামে এক ফটোগ্রাফারের ভূমিকায় অভিনয় করেছেন। পরীমণি বলেন, “এই সিনেমাটি আমার কাছে খুব স্পেশাল। মাতৃত্বকালীন বিরতির পর এই ছবির মাধ্যমেই আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। প্রতিটি কাজই আমার কাছে গুরুত্বপূর্ণ, তবে এই সিনেমার সঙ্গে একটি আবেগ জড়িয়ে আছে। আশা করি, দর্শকরা ছবিটি ভালোবাসবেন।”
আরও পড়ুন: নিশো ও পূজা চেরির সিনেমা ‘দম’ আসছে ঈদুল ফিতরে
সিনেমাটি নির্মাণ করেছেন রেজা ঘটক, যিনি এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন। ‘ডোডোর গল্প’ ২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এতে ৮৭ জন শিল্পী অভিনয় করেছেন এবং ২৫টিরও বেশি লোকেশনে দৃশ্যধারণ হয়েছে। গল্পটি একজন আত্মনির্ভরশীল মায়ের দুই দশকের সংগ্রামের কাহিনি, যেখানে তিনি নিরন্তর অনুসন্ধানের পর তার হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পান।













































































































































































































































