বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি মুম্বইয়ের বান্দ্রা এলাকায় অবস্থিত তার জনপ্রিয় ও দীর্ঘদিনের পুরনো রেস্তরাঁ ‘বাস্তিয়ান বান্দ্রা’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। গত মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি আবেগঘন বার্তায় জানিয়েছেন, “বৃহস্পতিবার একটি যুগের সমাপ্তি হবে, যেহেতু আমরা মুম্বইয়ের সবচেয়ে আইকনিক রেস্তরাঁকে বিদায় জানাবো। তবে, বিদায় জানানোর আগে এই রেস্তরাঁর সঙ্গে জড়িত প্রতিটি মানুষকে নিয়ে শেষবার আমরা একটি ভালো সময় কাটাবো।”
২০১৬ সালে প্রতিষ্ঠিত এই রেস্তরাঁটি শিল্পা শেঠি এবং রেস্তরাঁ ব্যবসায়ী রঞ্জিত বিন্দ্রার যৌথ মালিকানায় পরিচালিত হতো। ২০২৩ সালে স্থান পরিবর্তন করে পুনরায় চালু হওয়া এই রেস্তরাঁ তার শৈল্পিক সজ্জা এবং সামুদ্রিক খাবারের জন্য বিখ্যাত ছিল। মুম্বইয়ের নাইটলাইফে এটি একটি উল্লেখযোগ্য নাম ছিল এবং বলিউড তারকা থেকে শুরু করে সাধারণ খাবারপ্রেমীদের কাছে এটি ছিল একটি প্রিয় গন্তব্য।
শিল্পা জানিয়েছেন, বান্দ্রার এই রেস্তরাঁ বন্ধ হলেও বাস্তিয়ান ব্র্যান্ডের অন্য শাখা ‘বাস্তিয়ান অ্যাট দ্য টপ’ দাদর ওয়েস্টে খোলা থাকবে। এছাড়া তাদের জনপ্রিয় ‘আর্কেন অ্যাফেয়ার’ নামক বৃহস্পতিবারের ইভেন্টটি ওই শাখায় অব্যাহত থাকবে। রেস্তরাঁটির শেষ দিনটি উদযাপন করতে একটি বিশেষ ইভেন্টের আয়োজন করা হয়েছে, যেখানে নিয়মিত গ্রাহকরা এবং ঘনিষ্ঠ বন্ধুরা অংশ নেবেন।
আরও পড়ুন: বহিরাগত হয়েও বলিউডে উজ্জ্বল কৃতি শ্যানন
এই বন্ধের ঘোষণা এমন এক সময়ে এলো যখন শিল্পা শেঠি এবং তার স্বামী রাজ কুন্দ্রা একটি ৬০.৪ কোটি রুপির আর্থিক কেলেঙ্কারির অভিযোগে জড়িয়েছেন। মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ) তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তবে শিল্পার ব্যবসায়িক পার্টনার রঞ্জিত বিন্দ্রা জানিয়েছেন, বাস্তিয়ান বান্দ্রার বন্ধের সিদ্ধান্তটি নতুন কিছুর শুরু। তিনি বলেন, “বান্দ্রা ছিল আমাদের শুরু, এবং এই অধ্যায় বন্ধ হলেও দুটি নতুন গল্প লেখার অপেক্ষায় রয়েছে।” তিনি ইঙ্গিত দিয়েছেন, বান্দ্রার জায়গায় মধ্য অক্টোবরের মধ্যে ‘অম্মাকাই’ নামে একটি দক্ষিণ ভারতীয় রেস্তরাঁ চালু হবে এবং বাস্তিয়ান জুহুতে ‘বাস্তিয়ান বিচ ক্লাব’ হিসেবে নতুন রূপে ফিরে আসবে।













































































































































































































































