সংগীতশিল্পী-ফরিদা-পারভীন-newsedge4

বরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে (ভেন্টিলেশনে) নেওয়া হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটা থেকে তাকে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী।

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। গত কিছুদিন ধরে তাকে সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করাতে হচ্ছিল। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে গত ২ সেপ্টেম্বর তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, এবং তখন থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়।

চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী জানান, “শিল্পীর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে, এবং তার জ্ঞানের মাত্রাও অনেক কম। সব মিলিয়ে তার অবস্থা আশঙ্কাজনক।” তিনি আরও বলেন, ফরিদা পারভীনের শারীরিক অবস্থা স্থিতিশীল করতে চিকিৎসক দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: দীর্ঘ দিন পর দেশে ফিরলেন শাবানা

ফরিদা পারভীন বাংলাদেশের লালন গীতির অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে সুপরিচিত। তার গভীর ও আত্মিক কণ্ঠ এবং লালন শাহের দার্শনিক গানের প্রতি অবদান তাকে দেশ-বিদেশে সমাদৃত করেছে। ১৯৮৭ সালে তিনি একুশে পদক এবং ২০০৮ সালে জাপানের ফুকুওকা এশিয়ান কালচার পুরস্কারে ভূষিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *