জয়শ্রী কবির-newsedge4

বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের এক সময়ের জনপ্রিয় নায়িকা জয়শ্রী কবির আর নেই। গত ১২ জানুয়ারি লন্ডনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন তাঁর ভাগ্নে জাভেদ মাহমুদ। তিনি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন জয়শ্রী কবির।

জয়শ্রী কবির ১৯৬৮ সালে মিস ক্যালকাটা খেতাব অর্জন করেন। এরপর সত্যজিৎ রায় পরিচালিত ‘প্রতিদ্বন্দ্বী’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে অভিষেক করেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প অবলম্বনে নির্মিত এই ছবিতে তিনি প্রথম অভিনয় করলেও বাংলাদেশের দর্শকদের কাছে তিনি পরিচিত হন পরিচালক আলমগীর কবিরের ছবিগুলোর মাধ্যমে। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে— ‘সীমানা পেরিয়ে’, ‘রুপালী সৈকতে’, ‘সূর্য কন্যা’ এবং ‘মোহনা’। এসব ছবিতে তিনি নায়ক বুলবুল আহমেদের সঙ্গে জুটি বেঁধে দর্শকমনে বিশেষ জায়গা করে নেন। বিশেষ করে ‘সীমানা পেরিয়ে’ ছবির গান “বিমূর্ত এই রাত্রি আমার মৌনতারই সুতোয় বুনা একটি রঙ্গিন চাদর” আজও শ্রোতাদের মুখে মুখে ফেরে।

দীর্ঘদিন লন্ডনে বসবাসকারী জয়শ্রী কবির সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের শিক্ষকতা করেছেন। প্রায় এক দশক আগে তিনি শেষবারের মতো ঢাকায় এসেছিলেন। এরপর আর দেশে ফেরেননি। তিনি তার একমাত্র সন্তান লেনিনকে নিয়ে লন্ডনে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছিলেন।

কয়েক বছর আগে নির্মাতা-অভিনেতা তৌকীর আহমেদের সঙ্গে এক অনুষ্ঠানে জয়শ্রী কবির বলেছিলেন, তিনি বাংলাদেশের চলচ্চিত্র পরিবারকে খুব মিস করেন। সবচেয়ে বেশি মিস করেন প্রয়াত নায়ক বুলবুল আহমেদকে, কারণ তাঁর সঙ্গেই তিনি সবচেয়ে বেশি ছবিতে অভিনয় করেছেন।

আরও পড়ুন: বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘সুলতানাস ড্রিম’

জয়শ্রী কবিরের ব্যক্তিগত জীবনেও ছিল উত্থান-পতন। ১৯৭৫ সালে পরিচালক আলমগীর কবিরের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু সংসার বেশিদিন টেকেনি। প্রায় তিন বছর পর অশান্তির কারণে বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি প্রথমে কলকাতায় এবং পরে লন্ডনে চলে যান। সেখানেই তিনি বাকি জীবন কাটান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *