মুকুল দেব-newsedge24

ভারতীয় অভিনেতা মুকুল দেব (৫৪) আর নেই। গত শুক্রবার (২৩ মে, ২০২৫) দিবাগত রাতে দিল্লিতে একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পর গত ৮-১০ দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর মৃত্যুর খবর শনিবার (২৪ মে, ২০২৫) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম জানান অভিনেতা মনোজ বাজপেয়ী। মুকুলের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র শিল্পে শোকের ছায়া নেমে এসেছে।

নয়াদিল্লির এক পাঞ্জাবি পরিবারে ১৯৭০ সালে জন্মগ্রহণকারী মুকুল দেব পেশাগতভাবে পাইলট হিসেবে প্রশিক্ষিত ছিলেন। তবে তাঁর আসল প্যাশন ছিল অভিনয়। ১৯৯৬ সালে টেলিভিশন ধারাবাহিক মুমকিন-এ বিজয় পান্ডে চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ক্যারিয়ার শুরু করেন। একই বছর মাহেশ ভট্ট পরিচালিত দস্তক ছবিতে সুস্মিতা সেনের বিপরীতে এসিপি রোহিত মালহোত্রার ভূমিকায় বড় পর্দায় অভিষেক ঘটে। এই ছবি দিয়েই সুস্মিতা সেনও বলিউডে পা রাখেন।

মুকুল দেব হিন্দি, পাঞ্জাবি, তেলুগু, তামিল, কন্নড়, বাংলা এবং মালয়ালম সিনেমায় অভিনয় করে বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তাঁর উল্লেখযোগ্য হিন্দি চলচ্চিত্রের মধ্যে রয়েছে সন অব সরদার (২০১২), ইয়ামলা পাগলা দিওয়ানা (২০১১), আর… রাজকুমার (২০১৩) এবং জয় হো (২০১৪)। বাংলা চলচ্চিত্রে তিনি টালিউড তারকা জিৎ-এর সঙ্গে আওয়ারা (২০১২), বচ্চন (২০১৪) এবং সুলতান: দ্য স্যাভিয়ার (২০১৮)-এ অভিনয় করেন। এছাড়া মালয়ালম চলচ্চিত্র মাই স্টোরি (২০১৮)-তে পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে তাঁর অভিনয় প্রশংসিত হয়। পাঞ্জাবি সিনেমায় শরীক (২০১৫)-এর জন্য তিনি পিটিসি পাঞ্জাবি ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা খলনায়কের পুরস্কার জিতেছিলেন। টেলিভিশনে তিনি কাহানি ঘর ঘর কি, প্যায়ার জিন্দেগি হ্যায় এবং ২১ সরফরোশ – সারাগড়ি ১৮৯৭-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন। তিনি ফিয়ার ফ্যাক্টর ইন্ডিয়া-র প্রথম সিজনের সঞ্চালকও ছিলেন।

কুল দেবের বাবা হরি দেব ছিলেন দিল্লির সহকারী পুলিশ কমিশনার, যিনি পশতু ও ফারসি ভাষায় দক্ষ ছিলেন এবং আফগান সংস্কৃতির প্রতি গভীর আগ্রহ পোষণ করতেন। তিনি ছেলেকে বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেন, যা মুকুলের অভিনয়ে বৈচিত্র্য এনেছিল। মুকুলের বড় ভাই রাহুল দেবও একজন প্রখ্যাত অভিনেতা। মুকুল তাঁর কন্যার নাম সিয়া দেব, তিনি পূর্বে শিল্পা দেবের সঙ্গে বিবাহিত ছিলেন।

মুকুলের মৃত্যুর কারণ এখনও সরকারিভাবে প্রকাশ করা হয়নি, তবে তিনি স্বাস্থ্য জটিলতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা ভিন্দু দারা সিং বলেন, “মুকুল আমার ভাইয়ের মতো ছিল। তার বাবা-মায়ের মৃত্যুর পর তিনি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন।” মনোজ বাজপেয়ী তাঁর শোকবার্তায় বলেন, “মুকুলের উষ্ণতা ও প্যাশন অতুলনীয় ছিল। খুব তাড়াতাড়ি চলে গেলেন।” সোনু সুদ, গিপ্পি গ্রেওয়াল, দীপশিখা নাগপালসহ অনেকে শোক প্রকাশ করেছেন। মুকুলের শেষকৃত্য আজ শনিবার সন্ধ্যা ৫টায় দিল্লিতে অনুষ্ঠিত হবে।

মুকুল দেবের সর্বশেষ চলচ্চিত্র ছিল ২০২২ সালের অ্যান্থ: দ্য এন্ড। তিনি সন অব সরদার ২-এর শুটিং সম্পন্ন করেছিলেন, যা তাঁর শেষ কাজ হিসেবে বিবেচিত হচ্ছে। ভিন্দু দারা সিং বলেন, “এই ছবিতে মুকুলের অভিনয় দর্শকদের হাসিতে ভাসাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *