tandab-newsedge4

ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের সিনেমা ‘তাণ্ডব’ দেশের সিনেমা হলগুলোতে সফলভাবে চললেও পাইরেসির কবলে পড়েছে। প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ছোট ছোট ক্লিপ ছড়িয়ে পড়ে। অনেকে এটিকে প্রচারণার অংশ মনে করলেও পরে পুরো সিনেমাটির এইচডি ভার্সন অনলাইনে ফাঁস হয়ে যায়, যা নির্মাতা ও প্রযোজকের জন্য বড় ব্যবসায়িক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

‘তাণ্ডব’র প্রযোজক শাহরিয়ার শাকিল পাইরেসি রোধে আগেই সতর্কবার্তা দিয়েছিলেন। গত ৫ জুন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পাইরেসি রোধে আমরা কোনো ছাড় দেব না। কেউ হলে বসে ভিডিও করলে বা তা ছড়ালে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের টিম সোশ্যাল মিডিয়া ও হলগুলো মনিটর করছে।” তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যেসব সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি চলছে, সেগুলোর ওপর নজরদারি রয়েছে। পাইরেসি প্রমাণিত হলে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষকেও জবাবদিহি করতে হবে।”

এর আগে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খানের ‘বরবাদ’ও পাইরেসির শিকার হয়েছিল। সেসময় প্রযোজক শাহরিন আক্তার দাবি করেন, পাইরেসির কারণে তাদের প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। সেই অভিজ্ঞতার রেশ কাটতে না কাটতেই ‘তাণ্ডব’র ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়াও জয়া আহসান, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েতসহ আরও অনেকে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *