নুসরাত জাহান-যশ দাশগুপ্ত-newsedge24

বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় জুটি নুসরাত জাহান ও যশ দাশগুপ্তর সম্পর্ক নিয়ে ফের আলোচনার ঝড় উঠেছে। সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট ও তাদের পৃথক পৃথক ছুটি কাটানোর খবরে বিচ্ছেদের গুঞ্জন তীব্র হয়েছে। টলিপাড়ায় এখন এই জুটির সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চলছে নানা জল্পনা।

২০২০ সাল থেকে একসঙ্গে থাকা এই দম্পতি ২০২১ সালের আগস্টে তাদের পুত্র ঈশানের জন্মের পর থেকে ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে রয়েছেন। ২০২২ সালে নুসরাত ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি ও যশ ইতিমধ্যে বিয়ে করেছেন, যদিও তারা কখনোই আনুষ্ঠানিকভাবে বিবাহের বিষয়টি নিশ্চিত করেননি। তবে সাম্প্রতিক ঘটনাবলী তাদের সম্পর্কে ফাটলের ইঙ্গিত দিচ্ছে।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, যশ দাশগুপ্ত তাঁর বড় ছেলে রায়ানশকে (প্রাক্তন স্ত্রী শ্বেতা সিং কালহানের সঙ্গে) নিয়ে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন, অন্যদিকে নুসরাত তাঁর পুত্র ঈশান ও পরিবারের সঙ্গে উত্তরবঙ্গে ছুটি কাটিয়েছেন। এই পৃথক ভ্রমণ ও তাদের ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ পোস্ট বিচ্ছেদের জল্পনাকে উসকে দিয়েছে। এছাড়া, যশ নুসরাতকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন বলে খবর, যদিও তিনি এটিকে ‘প্রযুক্তিগত ত্রুটি’ বলে দাবি করেছেন। নুসরাত অবশ্য যশকে ফলো করছেন।

গত ডিসেম্বর থেকে এই দম্পতি একসঙ্গে বসবাস করছেন না বলে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। যশ তাঁর পুরনো আবাসনে ফিরে গিয়েছেন, আর নুসরাত থাকছেন কলকাতার পাম আভিনিউয়ের বাড়িতে। সূত্রের দাবি, যশের প্রাক্তন স্ত্রীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে নুসরাতের সন্দেহ থেকে এই অশান্তির সূত্রপাত। এমনকি, যশ মুম্বাইয়ে থাকাকালীন নুসরাত তাঁর পেছনে গুপ্তচর লাগিয়েছিলেন বলেও অভিযোগ উঠেছে। নুসরাত যশের কাছে একসঙ্গে থাকার জন্য কিছু শর্ত দিয়েছিলেন, যা যশ মানতে নারাজ বলে জানা গেছে।

এই গুঞ্জনের মধ্যে যশ দাবি করেছেন, এসব ‘রটনা’ ছাড়া কিছু নয়। তবে তাদের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, সম্পর্কের মধ্যে অশান্তি সত্যিই রয়েছে। যশ ও নুসরাত কেবল কাজের প্রয়োজনে একসঙ্গে সময় কাটাচ্ছেন, বাকি সময় তারা আলাদা থাকছেন।

নুসরাত অতীতে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন, “আমি কেন সবাইকে ডেকে বলব যে আমি বিয়ে করছি? আমরা একটি পরিবার। বিয়ের বিষয়ে কথা বলতে চাই না।” তিনি এমনকি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, “আপনারা কীভাবে জানেন আমি বিয়ে করিনি?”

নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত ২০২০ সাল থেকে সম্পর্কে রয়েছেন। এর আগে নুসরাত ২০১৯ সালে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে তুরস্কে বিয়ে করেছিলেন, যা ২০২১ সালে কলকাতার একটি আদালত ‘অবৈধ’ ঘোষণা করে। একই বছর নুসরাত ঈশানের জন্ম দেন এবং জন্ম সনদে যশের নাম পিতা হিসেবে উল্লেখ করা হয়। এই দম্পতি তাদের সম্পর্ক ও পুত্র ঈশানকে নিয়ে সামাজিক মাধ্যমে প্রায়ই ছবি পোস্ট করতেন, যা ভক্তদের কাছে ‘আদর্শ জুটি’ হিসেবে পরিচিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *