ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান কয়েক মাসের বিরতির পর নতুন ছবি ‘সোলজার’ নিয়ে আলোচনায় এসেছেন। গতকাল সকালে নিজের ফেসবুক পেজে ছবিটির নতুন পোস্টার প্রকাশ করেন তিনি। পোস্টারে শাকিবকে দেখা গেছে একদম নতুন রূপে—রহস্যময় আত্মবিশ্বাসী পুরুষ চরিত্রে, ঠোঁটের ওপর গোঁফ এবং তীক্ষ্ণ অভিব্যক্তি নিয়ে। সঙ্গে তার ক্যাপশন: ‘ইওর সোলজার অ্যাট ইওর সার্ভিস’ অর্থাৎ, আপনার সৈনিক আপনার সেবায়! এই পোস্টার প্রকাশের পর ভক্তদের মাঝে নতুন করে উন্মাদনা ছড়িয়েছে। অনেকে ছবিটি শেয়ার করে প্রশংসা করছেন।
কিছুদিন আগে ছবিটির অ্যানাউন্সমেন্ট গ্লিম্পস প্রকাশিত হয়েছিল, যা দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ জাগিয়েছিল। সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। এছাড়া ছবিতে রয়েছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশী, রাকিন আবসার প্রমুখ। ছবিটি আগামী ডিসেম্বরে মুক্তি পাবে। এর মাধ্যমে ঈদের বাইরে অনেকদিন পর শাকিবের ছবি মুক্তি পাচ্ছে।
আরও পড়ুন: বড় ঘোষণার ইঙ্গিত দিলেন শাকিব খান
পরিচালক সাকিব ফাহাদ জানিয়েছেন, ‘সোলজার’ আরও নানা চমকে পরিপূর্ণ থাকবে। ছবিটির গল্প এবং শাকিবের চরিত্র নিয়ে দর্শকদের মাঝে কৌতূহল বাড়ছে।













































































































































































































































