বাংলাদেশের নাট্যাঙ্গনের এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহা। কয়েকদিন আগেই তার অভিনীত নতুন নাটক ‘ভালো আছো তো’ ইউটিউবে প্রকাশিত হয়েছে। নাটকে তার প্রধান সহশিল্পী হিসেবে আছেন নন্দিত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এ ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আবিদ বিন প্রান্ত। নাটকটি এরই মধ্যে দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে। যথারীতি এই নাটকে অভিনয়ের জন্যও বেশ প্রশংসিত হচ্ছেন নীহা। নাটকটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন।
এরই মধ্যে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ইউটিউব ফিল্ম ‘ইনস্টাগ্রাম’র কাজ শুরু করেছেন নীহা। এতে তার প্রধান সহশিল্পী হিসেবে আছেন খায়রুল বাসার।
অভিনয় যখন শুরু করেন ঠিক তখন থেকেই নীহা এই প্রশ্নের মুখোমুখি হয়ে আসছেন যে, ঠিক কবে তিনি বাণিজ্যিক ঘরানার সিনেমাতে অভিনয় করবেন। এই প্রশ্নের জবাবে আবারো নীহা বলেন, আমি এখনো আসলে বাণিজ্যিক ঘরানার সিনেমা বলতে যা বোঝায়, তাতে কাজ করার জন্য প্রস্তুত নই। অবশ্যই সিনেমাতে অভিনয় করবো। তবে তা এখন নয়। নিজেকে প্রস্তুত করা অনেক বাকি। সময় হলেই আমি সিনেমাতে অভিনয় করবো, তখন তো আসলে সবাই-ই জানবেন। সিনেমা সে তো আসলে অনেক বড় বিষয়। যে কারণে অভিনয়ের জন্য আমি নিজেকে পুরোপুরি প্রস্তুত করে তারপরই সেখানে কাজে নামতে চাই। সেজন্য আমি একটু সময় নিচ্ছি।
















































































































































































































































