অভিনেত্রী তানজীন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। শাড়ি প্রতারণার মামলার বাদী ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এ মামলা করেন।
বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রনি জানান, আদালত মামলাটি আমলে নিয়ে তানজীন তিশাকে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, গত বছরের ২৭ নভেম্বর সানায়া আনাম তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছিলেন। এরপর থেকে তিশা মামলা তুলে নেওয়ার জন্য বারবার হুমকি দেন এবং যেকোনো ধরনের ক্ষতি করার হুমকি দেন। গত বছরের ৭ নভেম্বর ফোন করেও হুমকি দেন তিনি।
প্রতারণার মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা পক্ষপাতদুষ্ট হয়ে প্রতিবেদন জমা দেন বলে অভিযোগ। নারাজি দেওয়ার পর গত রোববার সিআইডি পুলিশকে অধিকতর তদন্তের নির্দেশ দেয় আদালত। তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হলে তিশা ক্ষিপ্ত হয়ে বাদীর পল্লবীর বাসায় লোক পাঠিয়ে হুমকি দেন বলে মামলায় উল্লেখ করা হয়।
এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন সানায়া আনাম। তিনি থানায় মামলা করতে গেলে কর্তৃপক্ষ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়।

















































































































































































































































